ব্রাহ্মণবাড়িয়ায় হুজির ছয় সদস্যের কারাদণ্ড
নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) ছয় সদস্যকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। চারটি মামলায় ব্রাহ্মণবাড়িয়ার স্পেশাল ট্রাইব্যুনাল এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবু সুফিয়ান গত বৃহস্পতিবার এ রায় দেন। সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন—নরসিংদীর রায়পুরা উপজেলার দৌলতকান্দি গ্রামের সামসুল ইসলাম মোল্লা ওরফে সামসুল আলম (৪৮), ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ফতেপুর গ্রামের হেদায়েত উল্লাহ (৩০), পৌর এলাকার ভাদুঘর মহল্লার মুছা মিয়া (২৮), সরাইল উপজেলার তেলিকান্দি গ্রামের সাইফুল ইসলাম (২১), নাসিরনগর উপজেলার কদমতলী গ্রামের মো. জামাল মিয়া (২৪) এবং আশুগঞ্জ উপজেলার বগইর গ্রামের মিজানুর রহমান (২১)। আদালত সূত্রের বিবরণ অনুযায়ী, ২০০৮ সালের ১৩ এপ্রিল ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ভাদুঘর বাস টার্মিনালের সুপার মার্কেটের একটি দোকানে ব্রাহ্মণবাড়িয়ার হুজির প্রধান সংগঠক সামসুলের আস্তানায় বোমা তৈরির সময় বিস্ফোরণ ঘটে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে বোমা তৈরির সরঞ্জাম, চারটি ককটেল, ছোরা ও ধর্মীয় বই উদ্ধার করে। এ ঘটনায় এই ছয়জনের বিরুদ্ধে মামলা করা হয়। মামলার রায়ে হেদায়েতের ১০ বছর, সামসুল ও সাইফুলের সাত বছর করে এবং জামালের পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। গত ১৫ এপ্রিল বিকেলে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার একটি ধানি জমি থেকে ১২টি গুলিসহ একটি নাইন এমএম পিস্তল, একটি দেশি বন্দুক ও একটি এলজি উদ্ধার করা হয়। এ ঘটনায় করা মামলার রায়ে সামসুল ও হেদায়েতকে ১৪ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অন্যদের খালাস দেওয়া হয়। একই দিনে অন্য একটি ধানি জমি থেকে নয়টি বোমা উদ্ধারের ঘটনায় করা মামলার রায়ে সামসুল, হেদায়েত ও সাইফুলের সাত বছরের এবং মুছার তিন বছরের সশ্রম কারাদণ্ড হয়। মুছা পলাতক রয়েছেন।