ব্রাহ্মণবাড়িয়ায় ৪৯৭টি ভোটকেন্দ্রের ৩৮৩টিই ঝুঁকিপূর্ণ
ব্রাহ্মণবাড়িয়া জেলার ছয়টি আসনের মধ্যে চারটিতে দশম জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে। নির্বাচনের সব প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছে নির্বাচন কার্যালয়।
কাল রোববার সকাল আটটা থেকে ভোট গ্রহণ করা হবে। বিরতিহীনভাবে চলবে বিকেল চারটা পর্যন্ত। এ চার আসনের ৪৯৭টি কেন্দ্রের ৩৮৩টিই ঝুঁকিপূর্ণ।
নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর), ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ), ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) ও ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর)—এ চার আসনে নির্বাচন হচ্ছে। এ চার আসনে মোট ভোটার ১২ লাখ দুই হাজার ৬১৫ জন। তাঁদের মধ্যে পুরুষ ছয় লাখ এক হাজার ৩৮১ জন, আর নারী ছয় লাখ এক হাজার ২৩৪ জন। জেলার অপর দুটি আসনে আওয়ামী লীগের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, জেলায় চারটি আসনে ৪৯৭টি কেন্দ্রে দুই হাজার ৩০৯টি কক্ষে ভোট গ্রহণ করা হবে। নির্বাচনে ৪৯৭ জন প্রিসাইডিং কর্মকর্তা, দুই হাজার ৩০৯ জন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও চার হাজার ৬১৮ জন পোলিং কর্মকর্তা দায়িত্ব পালন করবেন।
ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার (এসপি) মো. মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, সমতল ও হাওর মিলিয়ে ৪৯৭টি কেন্দ্রের মধ্যে নাসিরনগর থানায় ৬২টি, সরাইলে ৫০টি, আশুগঞ্জে ৩৮টি, সদর থানার সমতলে ৯৪টি, বিজয়নগরে ৫৩টি ও নবীনগরে ৮৬টি ঝুঁকিপূর্ণ।
এসপি আরও জানান, গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত ভোটকেন্দ্রগুলোতে অস্ত্রসহ তিনজন পুলিশ ও অস্ত্রসহ একজন আনসার এবং লাঠিবাহী আনসারের ১০ জন করে সদস্য মোতায়েন করা হবে। এ ছাড়া ৬০টি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স দায়িত্ব পালন করবে।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মুহামঞ্চদ মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সবগুলো কেন্দ্রকেই সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে জেলায় চারটি আসনে ৪৯৭টি কেন্দ্রের মধ্যে ৩৮৩টি ঝুঁকিপূর্ণ। সেখানে আমাদের পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। নির্বাচনী এলাকায় ভ্রাম্যমাণ আদালত দায়িত্ব পালন করবেন।’