ব্রাহ্মণবাড়ীয়ায় ট্রাকচালক হত্যা মামলায় ‘ডাকাত’ হেলাল গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়ীয়ার সরাইল বিশ্বরোড মোড়ে গত সেপ্টেম্বর মাসে মো. বাবুল মিয়া (৪৫) নামের এক ট্রাকচালক নিহত হওয়ার ঘটনায় পুলিশ গত বুধবার দিবাগত রাতে মো. হেলাল উদ্দিন (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। হেলাল বিশ্বরোড মোড়ের পার্শ্ববর্তী সদর উপজেলার খাটিহাতা গ্রামের বাসিন্দা। পুলিশ বলেছে, এলাকায় তিনি ‘ডাকাত হেলাল’ নামে পরিচিত।পুলিশ সূত্র জানায়, গত ৪ সেপ্টেম্বর দিবাগত রাত দুইটার দিকে ট্রাকচালক বাবুল মিয়ার সহকারী কালু মিয়া (২২) চা খাওয়ার জন্য গাড়ি থেকে নামেন। চায়ের দোকান থেকে ফিরে তিনি বাবুল মিয়াকে ছুরিকাহত অবস্থায় গাড়ির ভেতরে পান। তাঁকে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুলিশ ৫ সেপ্টেম্বর একটি হত্যা মামলা করেন। গ্রেপ্তারকৃত হেলাল ওই মামলার সন্দেহভাজন প্রধান আসামি।এলাকাবাসীর অভিযোগ, দূরপাল্লার পণ্যবাহী ট্রাকচালকেরা ওই মোড়ে রাতে ট্রাক থামিয়ে বিশ্রাম নেন। এ সময় একটি চক্র এসব ট্রাকের মালামাল ডাকাতি করে।মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেছেন, তাঁদের ধারণা, হেলাল ওই চক্রের মূল হোতা। এলাকায় তিনি কুখ্যাত ডাকাত হিসেবে পরিচিত। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা আছে। তাঁকে আজ শুক্রবার আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চাওয়া হবে।