ব্রাহ্মণপাড়ায় মরা গাছের নিচে চাপা পড়ে গৃহবধূর মৃত্যু
সন্তানকে অটোরিকশায় তুলে বিদ্যালয়ে পাঠিয়ে রাস্তার পাশ দিয়ে হেঁটে বাড়ি ফেরার পথে একটি মরা বিশাল আকৃতির গাছের নিচে চাপা পড়ে আকলিমা আক্তার (৩২) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার সকালে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর গ্রামে।
নিহত আকলিমা ব্রাহ্মণপাড়ার দুলালপুর ইউনিয়নের দুলালপুর গ্রামের পূর্বপাড়ার বাহরাইনপ্রবাসী গাজী মো. শাহ আলমের স্ত্রী।
পরিবার, পুলিশ ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গৃহবধূ আকলিমার একমাত্র মেয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ মডেল স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্রী মারিয়া আক্তার (৮)। গতকাল সকাল নয়টায় বাড়ির সামনের রাস্তা থেকে মেয়েকে বিদ্যালয়ে যাওয়ার জন্য একটি অটোরিকশায় তুলে দেন তিনি। পরে হেঁটে বাড়ি ফেরার পথে রাস্তার পাশের একটি মরা শিশুগাছ তাঁর ওপর ভেঙে পড়ে। এতে আকলিমা ঘটনাস্থলেই মারা যান। গাছটি অনেক বড় হওয়ায় সেটি সরিয়ে নিতে প্রায় এক ঘণ্টা লেগে যায়। এ সময় রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
খবর পেয়ে ইউএনও মোহাম্মদ সাখাওয়াত হোসেন সরকার ঘটনাস্থলে উপস্থিত হয়ে লোকজনের সহযোগিতায় গাছ কেটে লাশটি উদ্ধারের ব্যবস্থা করেন। এ ঘটনায় নিহত আকলিমার শ্বশুর আবদুর রাজ্জাক বাদী হয়ে ব্রাহ্মণপাড়া থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন।
ব্রাহ্মণপাড়া থানার ওসি সৈয়দ আবু মো. শাহজাহান কবির বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।