ব্রা‏হ্মণবাড়িয়ায় পুলিশের গাড়িতে হামলা, ক্যামেরাম্যানকে মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রা‏হ্মণবাড়িয়ার নাসিমনগর উপজেলার পুলিশের স্ট্রাইকিং ফোর্সের একটি গাড়ির ওপর আক্রমণ করা হয়েছে। এতে পুলিশের এক সদস্য আহত হন।

এই হামলার ফুটেজ সংগ্রহ করতে গিয়ে এটিএন বাংলার ক্যামেরাম্যান সুমন রায়ের ক্যামেরা ছিনিয়ে নেওয়া হয় ও তাঁকে মারধর করা হয়।

উপজেলার পূর্বভাগ ইউনিয়ের পূর্বভাগ এসইএসডিপি উচ্চবিদ্যালয় কেন্দ্র বেলা সোয়া ১১টার দিকে এ ঘটনা ঘটে।

কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানান, সকাল থেকে এই কেন্দ্রের আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর সমর্থকেরা বিএনপির এজেন্টদের মারধর করে কেন্দ্র থেকে বের করে দেন। পরে পুলিশের সহযোগিতায় তাঁদের আবার কেন্দ্রে আনা হয়। বিএনপি-সমর্থিত প্রার্থীর এজেন্টরা মারধরের বিষয়ে লিখিত অভিযোগ দিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সোয়া ১১টার দিকে পুলিশের স্ট্রাইকিং ফোর্স ঘটনাস্থল থেকে ফিরে যাওয়ার সময় আওয়ামী লীগ-সমর্থিতরা হামলা চালান। তাঁরা গাড়ির কাচ ভাঙচুর করে। এতে এক পুলিশ সদস্য আহত হন।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্তি পুলিশ সুপার জাহিদ হাসান জানান, একটি দল পুলিশের গাড়ির ওপর হামলা চালিয়েছে। এতে আহত পুলিশ সদস্য ও ক্যামেরাম্যানকে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

সকাল থেকে চান্দেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী এ টি এম মনিরুজ্জামান সরকার ও বিএনপি থেকে এম এ হান্নান। উপজেলার ৭৪টি কেন্দ্রে সকাল থেকে ভোট নেওয়া চলছে।