সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পুঞ্জি গ্রামের কৃষক সিপন মিয়া মইয়ার হাওরে সাত কেদার জমিতে (৩০ শতকে এক কেদার) ব্রি-২৮ জাতের চারা রোপণ করেছিলেন। গত রোববার শ্রমিকেরা তাঁর জমিতে ধান কাটতে গিয়ে ছড়ায় কোনো ধান পাননি। এতে হতাশ হয়ে পড়েন তিনি। শুধু সিপনই নন, ব্রি-২৮ জাতের চারা রোপণ করে উপজেলার অধিকাংশ কৃষক বিপাকে পড়েছেন।
কৃষকেরা জানান, আগাম বন্যার আশঙ্কায় এ উপজেলার কৃষকেরা কয়েক বছর ধরে বোরো মৌসুমে ব্রি-২৮ ও ২৯ জাতের ধান রোপণ করে আসছেন। কিন্তু চলতি মৌসুমে সময়মতো বৃষ্টি না হওয়ায় ও তীব্র শৈত্যপ্রবাহের কারণে ধানের চারা নষ্ট হয়ে গেছে। এ কারণে ধান চিটা হয়েছে।
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে এ উপজেলায় ২০ হাজার ২০০ হেক্টর জমিতে বোরো চাষ করা হয়। এর মধ্যে আট হাজার ৮০০ হেক্টর জমিতে ব্রি-২৮ জাতের ধান লাগানো হয়েছে।
উপজেলার চিলাউড়া গ্রামের কৃষক আবদুল গফুর বলেন, ‘ব্রি-২৮ জাতের ধান চৈত্র মাসের মাঝামাঝি এবং ২৯ জাতের ধান বৈশাখ মাসের মাঝামাঝি কাটতে হয়। তাই অকাল-বন্যার ঝুঁকির কারণে ২৮ ও ২৯ জাতের ধান লাগাই। কিন্তু এবার তীব্র শৈত্যপ্রবাহের কারণে ২৮ জাতের ধানের চারা নষ্ট হয়ে যাওয়ায় ফলন ভালো হয়নি।’
রসুলপুর গ্রামের কৃষক আবদুল মোতালিব বলেন, ‘কেদারপ্রতি কমপক্ষে ১০ মণ ধান পাওয়ার কথা। সেখানে সাত কেদার জমিতে ব্রি-২৮ জাতের ধান রোপণ করে মাত্র ছয় মণ পেয়েছি। ওই ধান বিক্রি করে শ্রমিকের পারিশ্রমিকও দেওয়া যাচ্ছে না।’
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আরশ মিয়া জানান, মইয়ার হাওরে ব্রি-২৮ জাতের ধান লাগানো হয়েছিল। প্রাকৃতিক বিপর্যয়ের কারণে কৃষকেরা এবার সীমাহীন লোকসানে পড়েছেন। ব্রি-২৮ জাতের চারায় ফলন নেই বললেই চলে।
জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা শওকত হোসেন ভূঁইয়া মইয়ার হাওরের কৃষকদের ক্ষতিগ্রস্ত হওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, ব্রি-২৮ জাতের ধানের চারায় ফুল আসার সময় (মাঘ মাসের মাঝামাঝি) শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ায় চারা নষ্ট হয়ে গেছে।