ব্রি-৪৭ ধানে চিটা কৃষকেরা বিপাকে
কুড়িগ্রামে প্রায় সাড়ে ৩০০ হেক্টর জমিতে ব্রি-৪৭ জাতের উচ্চফলনশীল বোরো ধান চাষ করে বিপাকে পড়েছেন কৃষকেরা। এসব খেতে ধানের বদলে চিটা বেশি হওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। বিএডিসি ধানের এই বীজ সরবরাহ করেছিল।গত সোমবার সরেজমিনে ঘুরে দেখা গেছে, উলিপুর উপজেলার জোনাইডাঙ্গা গ্রামের বিলে চাষ করা ব্রি-৪৭ জাতের ধানের শিষে চিটা অনেক বেশি। অথচ পাশের খেতেই অন্য জাতের ধানের ফলন বেশ ভালো। এ সময় কৃষক জমশেদ আলী জানান, অধিক ফলনের আশায় তিনি অন্যের ৮০ শতক জমি বর্গা নিয়ে ব্রি-৪৭ জাতের ধানবীজ বপন করেন। কৃষি বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তার পরামর্শ মোতাবেক তিনি ওই জমিতে সময়মতো সুষম সার ও কীটনাশক প্রয়োগ করেন। তাঁর আশা ছিল, চলতি মৌসুমে জমির মালিককে ফসলের সমান ভাগ দিয়েও ৩৫ থেকে ৩৮ মণ ধান ঘরে তুলবেন। গত শুক্রবার ৮০ শতক জমির মধ্যে প্রায় ২০ শতক জমির ধান কেটে মাড়াই করে তিনি ভাগে পেয়েছেন মাত্র এক মণ এক কেজি। স্থানীয় এনজিওর কাছ থেকে ২০ হাজার টাকা ঋণ নিয়ে ধান চাষ করে এখন তাঁর পথে বসার অবস্থা। এদিকে সদর উপজেলার আতারাম গ্রামের কৃষক সোলাইমান আলী, বাবলু মিয়া ও শামসুল ইসলাম জানান, তাঁরা বিএডিসির বীজ কিনে প্রতারিত হয়েছেন। বীজ বিক্রির সময় যা বলেছে, এখন তার উল্টা হয়েছে। খেতের ধানগাছ সবুজ ও সতেজ দেখা গেলেও ধানের শিষ সাদা বর্ণ ধারণ করে চিটায় পরিণত হয়েছে। তাঁদের মতো জেলার চিলমারী, রৌমারী, রাজীবপুর, রাজারহাট, নাগেশ্বরী, ফুলবাড়ী ও ভুরুঙ্গামারী উপজেলার কয়েক শ কৃষক একই ধানের বীজ বপন করে মারাত্মক ক্ষতির শিকার হয়েছেন বলে খবর পাওয়া গেছে। উলিপুর উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম ক্ষতিগ্রস্ত কৃষক জমশেদ আলীর জমি সরেজমিনে পর্যবেক্ষণ করে জানান, ব্রি-৪৭ জাতের ধানবীজ এ অঞ্চলের আবহাওয়ার উপযোগী নয়। এটি শুধু লোনা জমিতে চাষের উপযোগী। এ কারণে প্রতিকূল আবহাওয়ায় ওই ধানখেত ব্লাস্ট নেক রোগে আক্রান্ত হয়। বিএডিসি সূত্রে জানা যায়, কুড়িগ্রাম জেলায় ব্রি-৪৭ জাতের ধানের আট মেট্রিক টন বীজ বিক্রি করা হয়েছে। রংপুর বিএডিসির উপপরিচালক আবদুস সামাদ জানান, ব্রি-৪৭ জাতের নতুন এ ধান দক্ষিণাঞ্চলের মাটির উপযোগী হলেও পরীক্ষামূলকভাবে এই অঞ্চলে আবাদ করা হয়। তবে বিপর্যয় ঘটার মতো কোনো অভিযোগ এখনো পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।