ব্রিগেডিয়ার জেনারেল জামিলকে মরণোত্তর বীর উত্তম পদক প্রদান
সরকার দেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তদানীন্তন সামরিক সচিব ও নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত শহীদ ব্রিগেডিয়ার জেনারেল জামিল উদ্দিনকে গতকাল বৃহস্পতিবার মরণোত্তর ‘বীর উত্তম’ পদক প্রদান করেছে। খবর বাসসের।প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল তাঁর সরকারি বাসভবন গণভবন চত্বরে জামিল উদ্দিন আহমাদের সহধর্মিণী বেগম আঞ্জুমান আরার হাতে ৫০ হাজার টাকার চেকসহ পদক এবং এর আগে তাঁকে সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল পদে উন্নীত করার সরকারি ঘোষণাসম্পর্কিত আদেশ তুলে দেন।অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহকারী সামরিক সচিব লে. কর্নেল শাহরিয়ার রশিদের পাঠ করা স্মারকে বলা হয়, ‘দৃষ্টান্তমূলক কর্তব্যবোধ, অসাধারণ সাহসিকতা, অনুকরণীয় আনুগত্য এবং অবিস্মরণীয় ত্যাগের নজির স্থাপনের জন্য তাঁকে মরণোত্তর এই বিরল সম্মানজনক পদক প্রদান করা হয়।’অনুষ্ঠানে জামিলের তিন মেয়েসহ আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমদ সিদ্দিকী, পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ।