ব্রিগেডিয়ার বারীকে চিনতে পারেন তারেক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লন্ডন থেকে খুব শিগগির দেশে ফেরার পরিকল্পনা নেই বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের। দেশের রাজনৈতিক ঘটনাপ্রবাহের ওপর তাঁর আগ্রহ আছে, কিন্তু নিজে দলীয় রাজনীতিতে সক্রিয় কোনো ভূমিকা রাখছেন না। এ ছাড়া বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে তাঁর ওপর কঠোর নির্যাতন চালানো হয় অভিযোগ করে তারেক রহমান বলেন, ‘নির্যাতনকারীদের’ মধ্যে তিনি ব্রিগেডিয়ার জেনারেল চৌধুরী ফজলুল বারীকে (ডিজিএফআইয়ের তৎকালীন পরিচালক) চিনতে পারেন।চিকিৎসার জন্য লন্ডনে অবস্থানরত তারেক রহমান ঢাকার মার্কিন দূতাবাসের একজন কর্মকর্তার সঙ্গে আলাপকালে এসব কথা বলেছেন বলে ওয়াশিংটনে পাঠানো তারবার্তায় বলা হয়েছে।তারবার্তা অনুযায়ী, ওই মার্কিন কর্মকর্তা ২০০৯ সালের ১ মে লন্ডনে তারেক রহমানের সঙ্গে চার ঘণ্টা কথা বলেন। এতে বলা হয়, তারেক মার্কিন কর্মকর্তাকে বলেন, আটক থাকার সময় নির্যাতনের কারণে তাঁর মেরুদণ্ডে জখম হয়। সেই চিকিৎসা এখনো চলছে। নির্যাতনকারীদের মধ্যে ব্রিগেডিয়ার জেনারেল ফজলুল বারীকে চিনতে পারেন তিনি। বার্তায় এ প্রসঙ্গে মন্তব্য করা হয়, তারেকের পরিবারের পক্ষ থেকে এর আগে বলা হয়েছিল, তাঁকে সত্যি পেটানো হচ্ছে কি না, তা নিশ্চিত হতে লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেন।বার্তায় বলা হয়, শিগগির দেশে ফেরার কথা না বললেও আবার রাজনীতিতে সক্রিয় হওয়ার বিষয়টি নাকচও করেননি তারেক। দেশে ফিরে আবার বিএনপির কর্তৃত্ব হাতে নেওয়ার ব্যাপারে সমর্থকদের যে প্রত্যাশা, তা নাকচ করার মতো কিছুই বলেননি তিনি। লক্ষণীয় বিষয়, কথাবার্তার একপর্যায়ে নিজেকে একজন ‘সাবেক রাজনীতিক’ বলে উল্লেখ করেন তারেক।তারবার্তায় আরও বলা হয়, বিরোধী দলের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে মন্তব্য করতে বললে বিষয়টি এড়িয়ে যান তারেক রহমান। বিএনপিতে সক্রিয় হলে কেমন ভূমিকা নিতে চান, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কোনো ব্যক্তিই অপরিহার্য নন। কোনো স্থান শূন্য হলে অন্য কেউ তা পূরণ করেন। বিএনপি বা দেশ আমার একার নয়।’ দূতাবাসের তারবার্তার মন্তব্য অংশে বলা হয়, রাজনীতি নিয়ে আপাত অনাগ্রহ সত্ত্বেও তারেক যে এখনো বাংলাদেশে শক্তিশালী এক রাজনৈতিক শক্তি, এ ব্যাপারে সন্দেহ নেই বললেই চলে। তাঁর অনেক সমর্থক ২০০৯ সালের এপ্রিলে এক উপনির্বাচনে তারেকের অংশগ্রহণ চেয়েছিলেন। কিন্তু দৃশ্যত ছেলের রাজনীতিতে ফেরা অনেক তাড়াতাড়ি হয়ে যায়, এ কথা বিবেচনা করেই খালেদা জিয়া তাতে সম্মত হননি। দলের জ্যেষ্ঠ নেতারা আগামী নির্বাচনে তারেকের প্রমাণিত সাংগঠনিক দক্ষতা কাজে লাগাতে চাইবেন। এতে আরও বলা হয়, এখন নির্বাসনে থাকলেও তারেক রহমান যে একদিন বাংলাদেশের নেতৃত্ব দিতে পারেন, সে ব্যাপারে তেমন সংশয় নেই।