২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা থেকে অব্যাহতি চেয়ে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবদুর রহিম ও জঙ্গিনেতা আরিফ হাসান ওরফে সুমনের আবেদনের ওপর শুনানি শেষ হয়েছে।ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে স্থাপিত দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিশেষ এজলাসে গতকাল রোববার এই শুনানি অনুষ্ঠিত হয়। আবদুর রহিমের পক্ষে আইনজীবী আহসানুল্লাহ এবং আরিফের পক্ষে আইনজীবী আমিনুল গনি শুনানি করেন।মোট ১৫ জন আসামি এই মামলা থেকে অব্যাহতির আবেদন করেছিলেন। গতকাল দুজনের আবেদনের শুনানি শেষ হয়। এর আগে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) খোদা বখশ চৌধুরী, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ভাগনে সাইফুল ইসলাম ডিউকসহ নয়জনের আবেদনের ওপর শুনানি শেষ হয়।বিচারক শাহেদ নুর উদ্দিন অন্য চার আসামির অব্যাহতির আবেদনের ওপর শুনানির পরবর্তী তারিখ ধার্য করেন ১৭ নভেম্বর।এই মামলায় তারেক রহমানসহ সম্পূরক অভিযোগপত্রভুক্ত ৩০ আসামির বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ অভিযোগ গঠনের বিষয়ে শুনানি শেষ করে গত ৯ অক্টোবর। আসামিপক্ষের শুনানি শুরু হয় গত ১৩ অক্টোবর। গতকাল রাষ্ট্রপক্ষে ছিলেন এ মামলার প্রধান সরকারি কৌঁসুলি সৈয়দ রেজাউর রহমান। তাঁকে সহায়তা করেন আবু আবদুল্লাহ, কাজী নজিবুল্লাহ ও আকরাম উদ্দিন।