২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা থেকে অব্যাহতি চেয়ে জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসআই) সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবদুর রহিমের আবেদনের ওপর শুনানি শুরু হয়েছে।গতকাল মঙ্গলবার ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে স্থাপিত দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিশেষ এজলাসে শুনানি শুরু হয়। আবদুর রহিমের পক্ষে শুনানি করেন আইনজীবী আহসানুল্লাহ। গতকাল শুনানি শেষ না হওয়ায় বিচারক শাহেদ নুর উদ্দিন ১৩ নভেম্বর শুনানির পরবর্তী তারিখ ধার্য করেছেন।এর আগে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) খোদা বখশ চৌধুরী, খালেদা জিয়ার ভাগনে সাইফুল ইসলাম ডিউকসহ নয়জনের আবেদনের ওপর শুনানি শেষ হয়।আদালত সূত্র জানায়, গতকাল মুজাহিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালে শুনানি থাকায় বেলা দুইটার পর বিশেষ এজলাসে শুনানি শুরু হয়। এই মামলায় তারেক রহমানসহ সম্পূরক অভিযোগপত্রভুক্ত ৩০ আসামির বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ অভিযোগ গঠন বিষয়ে শুনানি শেষ করে গত ৯ অক্টোবর। আসামিপক্ষের শুনানি শুরু হয় ১৩ অক্টোবর। গতকাল রাষ্ট্রপক্ষে ছিলেন এ মামলার প্রধান সরকারি কৌঁসুলি সৈয়দ রেজাউর রহমান।