ব্রিটানিয়া ইউনিভার্সিটির পাঁচ ট্রাস্টির বিরুদ্ধে মামলা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার বেসরকারি বিশ্ববিদ্যালয় ব্রিটানিয়া ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানসহ সাতজনের বিরুদ্ধে মামলা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার কমিশন এ মামলার অনুমোদন দেয়।

দুদকের প্রধান কার্যালয়ের জনসংযোগ বিভাগ প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছে। যাঁদের বিরুদ্ধে মামলা হচ্ছে, তাঁরা হলেন ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হক, ভাইস চেয়ারম্যান সাইফুল আহমেদ চৌধুরী, ট্রেজারার মো. সিদ্দিকুর রহমান, ট্রাস্টি বোর্ডের সদস্য মো. শামসুদ্দোহা, ট্রাস্টি বোর্ডের সেক্রেটারি সৈয়দা রওনক আফজা ও তাঁর স্বামী রিজওয়ান আহমেদ এবং আবু জাফর মো. মইনুল ইসলাম।

তাঁদের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা পারস্পরিক যোগসাজশে নিয়মবহির্ভূতভাবে বিশ্ববিদ্যালয়ের ব্যাংক হিসাব পরিচালনা করেছেন। ১৪টি চেকের মাধ্যমে বিভিন্ন সময় ১ কোটি ৫২ লাখ ৩৫ হাজার টাকা আত্মসাৎ করেছেন।

কুমিল্লার বেসরকারি বিশ্ববিদ্যালয় ব্রিটানিয়া ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয় ২০১২ সালে। গত বছরের আগস্টে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এক গণবিজ্ঞপ্তিতে যে ১১টি বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে সতর্ক থাকার কথা বলেছিল, তার মধ্যে ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয় একটি।