ব্রিটিশ আন্তর্জাতিক উন্নয়ন প্রতিমন্ত্রী অ্যান্ড্রু মিচেল ঢাকায়
যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন প্রতিমন্ত্রী অ্যান্ড্রু মিচেল তিন দিনের সফরে গতকাল শনিবার ঢাকায় এসেছেন। এ সফরে তিনি বাংলাদেশের অর্থনীতি, সুশাসন ও উন্নয়ন সম্ভাবনার পাশাপাশি ভবিষ্যতের ব্রিটিশ-সহায়তা নিয়ে আলোচনা করবেন। ঢাকার ব্রিটিশ হাইকমিশন গতকাল এক বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশে উন্নয়ন-সহায়তা বাড়ানোর বিষয়ে যুক্তরাজ্যের পরিকল্পনা তুলে ধরবেন অ্যান্ড্রু মিচেল। পাশাপাশি তাঁর দেশের দেওয়া আর্থিক-সহায়তা বাংলাদেশে কতটা স্বচ্ছতার সঙ্গে কাজে লাগানো হচ্ছে সেটিরও খোঁজ নেবেন।সফরের সময় ব্রিটিশ প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ ছাড়াও তিনি সরকারের কয়েকজন জ্যেষ্ঠ মন্ত্রী, বেসরকারি সাহায্য সংস্থা ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন। বিভিন্ন পর্যায়ের এসব আলোচনায় ব্রিটিশ-বাংলাদেশ অংশীদারের গুরুত্ব, বাংলাদেশের অর্থনীতি, সুশাসন ও প্রবৃদ্ধির সুযোগ ইত্যাদি বিষয়ে কথা বলবেন মিচেল। ব্রিটিশ সরকার এ মুহূর্তে তাদের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ডিএফআইডি) মাধ্যমে বাংলাদেশে দারিদ্র্যবিমোচন, মাতৃমৃত্যুরোধ, সুপেয় পানি সরবরাহ ও প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে সহায়তা করছে।