ব্রিটিশ আমলের নিয়মে চলছে ডাকঘর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটিশ আমলের নিয়মে চলছে মৌলভীবাজার জেলার ডাক বিভাগ। জেলা থেকে শাখা ডাকঘরগুলোর প্রশাসনিক কার্যক্রম তদারকের কোনো সুযোগ নেই।
এতে তদারকের অভাবে প্রত্যন্ত এলাকার অনেক ডাকঘরের স্বাভাবিক কাজ ব্যাহত হচ্ছে। অনেক ডাকঘর সপ্তাহে এক দিনও খোলা হয় না। একই কারণে গ্রামের মানুষের জন্য শাখা ডাকঘরকে কেন্দ্র করে চালু করা ই-সেন্টারও চলছে ঢিমেতালে।
ডাক বিভাগ সূত্রে জানা গেছে, মৌলভীবাজার জেলার শাখা ডাকঘরগুলো প্রশাসনিকভাবে দুই ভাগে বিভক্ত। ব্রিটিশ আমলে রেললাইনসহ অন্যান্য যোগাযোগব্যবস্থার ওপর ভিত্তি করে জেলার ডাকঘরগুলোকে বিন্যস্ত করা হয়েছিল। এর মধ্যে অনেক পরিবর্তন হলেও সেই ব্যবস্থা আর পাল্টেনি। পুরোনো নিয়ম অনুযায়ী মৌলভীবাজার জেলার সদর, রাজনগর, শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার শাখা ডাকঘরগুলোর প্রশাসনিক কার্যক্রম পরিচালনা হচ্ছে ডাকঘরের হবিগঞ্জ আঞ্চলিক কার্যালয় থেকে। অন্যদিকে কুলাউড়া, জুড়ী ও বড়লেখা উপজেলার ডাকঘর পরিচালনা করা হচ্ছে সিলেট আঞ্চলিক কার্যালয় থেকে। এ ছাড়া শমশেরনগরসহ বেশ কিছু ডাকঘর আছে সিলেটের অধীনে।
মৌলভীবাজার প্রধান ডাকঘরের সহকারী পোস্টমাস্টার জেনারেল মো. শাহজাহান প্রথম আলোকে বলেন, ‘মৌলভীবাজার প্রধান ডাকঘরের কার্যক্রম শুধু প্রধান ডাকঘরকেন্দ্রিক। অন্যদিকে, জেলার চার উপজেলার সার্বিক প্রশাসনিক দিকটি দেখাশোনা করে হবিগঞ্জ আঞ্চলিক কার্যালয় এবং তিনটি উপজেলার দেখাশোনা করে সিলেট আঞ্চলিক কার্যালয়। মৌলভীবাজার জেলা থেকে জেলার শাখা ডাকঘরগুলো দেখাশোনার সুযোগ নেই। সেই ব্রিটিশ আমলে চালু করা নিয়মে এখনো জেলার ডাকঘরের প্রশাসনিক কার্যক্রম চলছে।’
একসময় সরগরম এলাকাভিত্তিক শাখা ডাকঘরগুলো এখন স্থবির হয়ে পড়েছে। কোথাও ভবন আছে, আবার কোথাও নেই। কিন্তু পোস্টমাস্টার ইচ্ছেমতো আসা-যাওয়া করেন। পোস্টমাস্টারের ঝোলা-ই ডাকঘর।
সম্প্রতি সরেজমিনে রাজনগর উপজেলার কদমহাটা ডাকঘরে গিয়ে সেটি বন্ধ পাওয়া যায়। ওই ডাকঘরের পোস্টমাস্টার শাহীনুল ইসলাম বলেন, প্রায় সাত বছর ধরে তিনি এই দায়িত্বে। বর্তমানে কিছু বিদেশি, সরকারি ও ব্যাংকিং চিঠিপত্র আসে। নগদ টাকা একদমই নেই। গত মার্চ মাস থেকে কদমহাটা ডাকঘরের পাশেই একটি ভবনে ডাক বিভাগের পোস্ট ই-সেন্টার চালু হয়েছে। এখানে কম্পিউটার প্রশিক্ষণ, প্রিন্ট ও অনলাইন-সুবিধা থাকার কথা। উদ্যোক্তা হিসেবে পোস্টমাস্টার নিজেই আছেন।
উপজেলার মনসুরনগর ডাকঘরের ঠিকানা হচ্ছে চৌধুরী বাজারে। ডাকঘরের জায়গায় এখন জুতার দোকান। জুতার দোকানের মালিক ফারুক মিয়া বলেন, প্রায় চার মাস ধরে তিনি দোকান খুলেছেন। মাঝেমধ্যে পোস্টমাস্টার এসে এখানে এক-দুই ঘণ্টা বসেন। পরচকর গ্রামের আবদুল মুহিত বলেন, ‘ডাক জীবন বীমার কিস্তি দিতে পোস্টমাস্টারের বাড়িতে যাই।’ পোস্টমাস্টার মো. ফারুক বলেন, প্রায় ১০ বছর ধরে তিনি এ দায়িত্বে। চৌধুরী বাজারে যে ঘরটিতে ডাকঘর ছিল, সেটি তাঁদের পরিবারের। এখন সেটি ভাড়া দেওয়া হয়েছে। তবে তিনি সেখানে গিয়ে বসেন। একপর্যায়ে তিনি বলেন, ‘আমার ব্যাগটাই পোস্টাফিস। ব্যাগের মধ্যে খাতাপত্র, স্ট্যাম্প, সিল সব থাকে।’
ডাক বিভাগের হবিগঞ্জ আঞ্চলিক কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১২-১৩ অর্থবছর থেকে গ্রামের মানুষকে ইন্টারনেট-সুবিধা দেওয়ার জন্য ‘পোস্ট ই-সেন্টার ফর রুরাল কমিউনিটি’ প্রকল্পের মাধ্যমে বিভিন্ন শাখা ডাকঘরকেন্দ্রিক ই-সেন্টার চালু হয়েছে। হবিগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের অধীন মৌলভীবাজার সদর উপজেলার ২৯টি শাখা ডাকঘরের মধ্যে ১৩টি, কমলগঞ্জে তিনটির মধ্যে তিনটি, রাজনগরে নয়টির মধ্যে ছয়টি এবং শ্রীমঙ্গলে ছয়টির মধ্যে দুইটিতে ই-সেন্টার চালু আছে।