ব্রিটিশ আমলের ভূমি আইন যুগোপযোগী করা হচ্ছে: ভূমিমন্ত্রী

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, ব্রিটিশ আমলের ভূমিবিষয়ক আইন পর্যায়ক্রমে যুগোপযোগী করার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। নতুন আইন তৈরির পাশাপাশি পুরোনো আইন সংস্কার করার মাধ্যমে ভূমিসেবা আরও গতিশীল করার উদ্দেশ্যে এ কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।
আজ সোমবার রাজধানীর কাঁটাবনে ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে ‘বেসিক ভূমি ব্যবস্থাপনা প্রশিক্ষণ কোর্স’–এর উদ্বোধনকালে ভূমিমন্ত্রী এ কথা বলেন।
ভূমিমন্ত্রী বলেন, সরকার দুর্নীতির ব্যাপারে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। মন্ত্রণালয় থেকে মাঠপর্যায়ের ভূমি অফিসের কর্মকাণ্ড পরিবীক্ষণ করার পাশাপাশি আকস্মিক পরিদর্শন করা হচ্ছে। দুর্নীতির প্রমাণ পেলেই আইন অনুযায়ী তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। কিছুদিনের মধ্যে হটলাইনের কার্যক্রম শুরু হবে, এতে স্বচ্ছতা আরও বাড়বে।
সাইফুজ্জামান চৌধুরী বলেন, ভূমি মন্ত্রণালয় মূলত সেবাভিত্তিক মন্ত্রণালয়। স্বচ্ছতা, জবাবদিহি এবং সুনামের মাধ্যমে সেবা দিতে হবে।
অন্যদের মধ্যে ভূমিসচিব মো. মাক্ছুদুর রহমান পাটওয়ারী, ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক মো. আবদুল হাই প্রমুখ বক্তব্য দেন। বিজ্ঞপ্তি।