ব্রিটিশ এমপির হত্যাকাণ্ডে প্রধানমন্ত্রীর শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যে লেবার পার্টির এমপি জো কক্সকে হত্যার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনকে পাঠানো এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘ব্যাটলি ও স্পেন আসন থেকে নির্বাচিত লেবার পার্টির তরুণ ও প্রতিশ্রুতিশীল এমপি জো কক্সের মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনায় আমি গভীরভাবে শোকাহত ও দুঃখিত। তাঁর মৃত্যুতে ব্রিটেন একজন অগ্রসর রাজনৈতিক সংগ্রামীকে হারাল, যিনি অনগ্রসর ও প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দৃঢ়তার সঙ্গে দাঁড়িয়েছিলেন।’
ডেভিড ক্যামেরনকে শেখ হাসিনা বলেন, ‘বিশ্বশান্তি ও সম্প্রীতিতে নিঃস্বার্থ অঙ্গীকারের জন্য জো কক্স স্মরণীয় হয়ে থাকবেন। বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে আপনার প্রতি এবং আপনার মাধ্যমে জো কক্সের শোকসন্তপ্ত পরিবার ও তাঁর বন্ধুদের প্রতি আমি আন্তরিক সমবেদনা ও গভীর শোক জানাচ্ছি।’
উত্তর ইংল্যান্ডে নিজের নির্বাচনী এলাকায় গত বৃহস্পতিবার জো কক্সকে গুলি করে ও ছুরি মেরে হত্যা করা হয়। পরে সন্দেহভাজন হামলাকারীকে গ্রেপ্তার করে পুলিশ।