ব্রিটিশ কাউন্সিল ও প্রথম আলোর উদ্যোগে কুইজ প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অলিম্পিক গেমস উপলক্ষে খুদেবার্তাভিত্তিক (এসএমএস) একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে ব্রিটিশ কাউন্সিল ও প্রথম আলো। ২৭ জুলাই লন্ডনে বসছে অলিম্পিক গেমসের ৩০তম আসর। গতকাল সোমবার প্রথম আলো কার্যালয়ে এ-সম্পর্কিত একটি দ্বিপক্ষীয় চুক্তিতে স্বাক্ষর করেছেন বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিলের পরিচালক রোজমেরি অ্যারনট ও প্রথম আলো সম্পাদক মতিউর রহমান।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ২৭ জুলাই থেকে ১২ আগস্ট পর্যন্ত অলিম্পিক গেমস চলাকালে প্রথম আলোয় প্রতিদিন এই কুইজ ছাপা হবে। কুইজে অলিম্পিক বিষয়ে প্রতিদিন একটি করে প্রশ্ন থাকবে। খুদেবার্তার মাধ্যমে এর উত্তর দিতে হবে। সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে প্রতিদিন পাঁচজন পাবেন ব্রিটিশ কাউন্সিলের একটি করে পানির ফ্লাস্ক। আর যাঁরা এই প্রতিযোগিতায় প্রতিদিন অংশ নেবেন, অলিম্পিক গেমস শেষে সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে তাঁদের ছয়জনকে খুঁজে নেওয়া হবে। তাঁরা পাবেন বিশেষ পুরস্কার। একজন পাবেন ব্রিটিশ কাউন্সিলের অ্যাপসসহ একটি আইপ্যাড, দুজন পাবেন ব্রিটিশ কাউন্সিলের কনটেন্টসহ একটি করে নোটবুক এবং অপর তিনজন পাবেন একটি করে স্মার্টফোন।এই কুইজের আয়োজন সম্পর্কে রোজমেরি অ্যারনট বলেন, ‘ইংরেজি শিক্ষার বিশেষ কার্যক্রম বিবিসি জানালাসহ বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে আমরা প্রথম আলোর সঙ্গে আছি আগে থেকেই। আশা করছি অলিম্পিকে কুইজ আয়োজনের এই অংশীদারিতে আমরা বেশ সাড়া পাব।’ তিনি আরও বলেন, ব্রিটিশ কাউন্সিল সব সময় স্থানীয় অংশীদারের সঙ্গে মিলে কাজ করতে চায়। এ ক্ষেত্রে তাঁর ভাষায় প্রথম আলো একটি অত্যন্ত শক্তিশালী ব্র্যান্ড।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিলের সিনিয়র ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট কনসালটেন্ট অ্যালেক্সান্ড্রা টায়ারস ও প্রথম আলোর হেড অব ব্র্যান্ড অ্যান্ড অ্যাক্টিভেশন অরূপ কুমার ঘোষ।