ব্রিটিশ কাউন্সিল খুলছে সোমবার
নিরাপত্তার কারণে প্রায় দুই মাস বন্ধ থাকার পর আগামীকাল সোমবার থেকে বাংলাদেশে নিয়মিত কার্যক্রম শুরুর ঘোষণা দিয়েছে ব্রিটিশ কাউন্সিল। আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে গত ২৭ জুলাই বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিলের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। তখন ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের পরিচালক বারবারা উইকহ্যাম বলেছিলেন, ব্রিটিশ কাউন্সিলের কর্মী এবং সেবাগ্রহীতাদের নিরাপত্তার বিষয়টি ব্রিটিশ কাউন্সিলের কাছে গুরুত্বপূর্ণ। সবার নিরাপত্তা নিশ্চিত করতেই মূলত বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিলের সব অফিস সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।
এরপর আজ ব্রিটিশ কাউন্সিলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল সোমবার থেকে বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিলের সব অফিস খোলা থাকবে। আগের মতোই এখানে সব সেবা পাবে মানুষ। তবে আজকের সংবাদ বিজ্ঞপ্তিতে নিরাপত্তার বিষয়টি উল্লেখ করা হয়নি। এতে সাময়িক বন্ধের বিষয়ে বলা হয়, বিবিধ সংস্কারকাজের জন্য সাময়িক বন্ধের পর চট্টগ্রাম, সিলেট ও ঢাকার কার্যালয়ে সবাইকে আমন্ত্রণ জানানোর জন্য প্রস্তুত ব্রিটিশ কাউন্সিল।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী বছরের জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া ‘পিয়ারসন এডএক্সেল এক্সামিনেশনস’-এর জন্য নিবন্ধন শুরু হয়েছে ২২ সেপ্টেম্বর থেকে। ১৩ অক্টোবর পর্যন্ত নিবন্ধন করা যাবে। স্কুল থেকে যে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেবে, তারা নিজ নিজ স্কুলের সঙ্গে যোগাযোগ করে ইউনিক স্কুল ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন লিংকে গিয়ে নিবন্ধন করতে পারবে। প্রাইভেট ক্যান্ডিডেট যাঁরা আছে, তাঁরা ব্রিটিশ কাউন্সিলের ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। ওয়েবসাইট www.britishcouncil.org.bd-এ গিয়ে পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন। উল্লেখ্য, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট ও দিনাজপুরের সব পরীক্ষার্থীর জন্যই ওই সেবাটি দিয়ে যাবে ব্রিটিশ কাউন্সিল।
এ বছরের অক্টোবর ও নভেম্বরে আইইএলটিএসের তারিখগুলো এখন উন্মুক্ত। আইইএলটিএসের প্রার্থীরা অনলাইনে ielts.britishcouncil.org এই লিংকটির মাধ্যমে নিবন্ধন করতে পারবেন।
ব্রিটিশ কাউন্সিলের ইংরেজি ভাষা শিক্ষার চতুর্থ টার্ম শুরু হবে আগামী ১২ অক্টোবর থেকে। শিক্ষার্থীরা অনলাইনে লেভেল টেস্টের জন্য নিবন্ধন করতে পারবেন। এ জন্য তাঁরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও উত্তরা এবং চট্টগ্রামের আগ্রাবাদ টিচিং সেন্টারগুলোতে ইংরেজি শিক্ষার কোর্সের জন্য নিবন্ধন করতে পারবেন। এ ছাড়া ব্রিটিশ কাউন্সিলের সব ব্যবসায় প্রশিক্ষণ কার্যক্রম ও কর্মশালা অব্যাহত থাকবে।
কার্যক্রম অস্থায়ীভাবে বন্ধ থাকার সময় ক্রমাগত সহায়তায় জন্য বাংলাদেশ সরকার, সব শিক্ষার্থী, অভিভাবক ও সহযোগীদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেছে ব্রিটিশ কাউন্সিল।