ব্রিটিশ কাউন্সিল-প্রথম আলো অলিম্পিক কুইজের পুরস্কার হস্তান্তর
লন্ডন অলিম্পিক উপলক্ষে আয়োজিত ব্রিটিশ কাউন্সিল-প্রথম আলো অলিম্পিক কুইজের মেগা ড্রয়ের বিজয়ীদের মধ্যে পুরস্কার হস্তান্তর করা হয়েছে। গতকাল বুধবার প্রথম আলো কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার হস্তান্তর করা হয়।প্রথম পুরস্কার বিজয়ী মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার শিলইয়ের মুনসুর আহমেদ পেয়েছেন একটি আইপ্যাড। এ ছাড়া আরও পাঁচজন বিজয়ীর দুজন পেয়েছেন নেটবুক ও তিনজন পেয়েছেন স্মার্টফোন।বিজয়ীদের হাতে পুুরস্কার তুলে দেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, ব্রিটিশ কাউন্সিলের জ্যেষ্ঠ প্রশিক্ষণ ও উন্নয়ন পরামর্শক অ্যালেক্স টায়ার্স, প্রকল্প ব্যবস্থাপক (ইংরেজি এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি) মোস্তফা মহিউদ্দিন, প্রথম আলোর হেড অব ব্র্যান্ড অ্যান্ড অ্যাক্টিভেশন অরূপ কুমার ঘোষ।অলিম্পিক উপলক্ষে ব্রিটিশ কাউন্সিল ও প্রথম আলোর উদ্যোগে গত ২৭ জুলাই থেকে ১২ আগস্ট পর্যন্ত প্রতিদিন প্রথম আলোর পাতায় অলিম্পিক সম্পর্কে একটি করে প্রশ্ন ছাপা হয়। এ থেকে এসএমএসের মাধ্যমে উত্তর দিয়ে প্রতিদিন পাঁচজন করে বিজয়ী পুরস্কার জেতেন। আর অলিম্পিকজুড়ে কুইজে অংশ নেওয়া ৯৮ হাজার অংশগ্রহণকারীর মধ্যে লটারির মাধ্যমে মেগা পুরস্কারের জন্য এই ছয়জন বিজয়ীকে নির্বাচিত করা হয়।