ব্রিটিশ কাউন্সিলে একাত্তরের লন্ডন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের মুক্তিযুদ্ধের বহু অজানা ইতিহাসের সরব সাক্ষী লন্ডন। দূর পরবাসে থেকেও এ সময় বহু মুক্তিকামী বাঙালি ও অবাঙালি নাগরিক বাংলাদেশের স্বাধীনতার পক্ষে কাঁপিয়েছেন বিলেতের রাজপথ। প্রবাসে মুক্তিযুদ্ধের প্রস্তুতিপর্বের বিক্ষুব্ধ, প্রতিবাদী দিনলিপিসহ পুরো সময়কাল নিয়ে আলোকচিত্র ও ঐতিহাসিক স্মারক প্রদর্শনী ‘লন্ডন ১৯৭১’ শুরু হয়েছে ব্রিটিশ কাউন্সিলে।
গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার ফুলার রোডে ব্রিটিশ কাউন্সিল কার্যালয়ে মাসব্যাপী এই প্রদর্শনীর উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
প্রদর্শনীতে স্থান পাওয়া বেশির ভাগ ছবি ব্রিটিশ আলোকচিত্রী রজার গোয়েন ও বিলেতে বাংলাদেশি বংশোদ্ভূত ইউসুফ চৌধুরীর তোলা। ওই সময়ের তরুণ রজার গোয়েন নিজ তাগিদেই তাঁর ক্যামেরায় বন্দী করেছেন আন্দোলনের উত্তাল দিনগুলো। এ ছাড়া বেশ কিছু সংগৃহীত ছবিও রয়েছে। সাত বছর ধরে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে ছবিগুলো সংগ্রহ করেছেন উজ্জ্বল দাশ।
এর বাইরে কিছু পোস্টার, ডাকটিকিট ও প্রচারপত্রও স্থান পেয়েছে এই প্রদর্শনীতে। একাত্তরে স্বাধীন বাংলাদেশের সমর্থনে বিশ্ব জনমত গঠনে ব্রিটিশ এমপি, রাজনীতিক, সাংবাদিক, সমাজকর্মী, প্রগতিশীল শিক্ষার্থীসহ নানা শ্রেণির মানুষ অসামান্য ভূমিকা রেখেছেন। প্রদর্শনীতে জায়গা করে নিয়েছেন সেই ভিনদেশি বন্ধুরাও।
প্রদর্শনী নিয়ে নিজের মুগ্ধতার কথা জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রদর্শনীতে স্থান পাওয়া আলোকচিত্রগুলো প্রবাসে বাঙালির মুক্তি আন্দোলনের অনবদ্য দলিল। গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, এর মাধ্যমে তরুণ প্রজন্ম মুক্তিযুদ্ধের ভিন্ন এক ইতিহাসের সন্ধান পাবে।
বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার ডেভিড অ্যাশলে এই প্রদর্শনীকে অভিহিত করেন অনুপ্রেরণাদায়ী আয়োজন হিসেবে। তিনি বলেন, এই প্রদর্শনী বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে লাখ লাখ প্রবাসীর অবদানের কথা স্মরণ করিয়ে দেবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত সচিব, ১৯৭১ সালে লন্ডনে স্থাপিত বাংলাদেশ কূটনৈতিক মিশনের দ্বিতীয় সচিব মহিউদ্দীন আহমদের স্মৃতিচারণায় ছিল সেই উত্তাল দিনগুলোর বর্ণনা। তিনি বক্তব্যের মাঝে ওই সময় লন্ডনে আন্দোলনে অংশগ্রহণকারী কয়েকজনকে পরিচয় করিয়ে দেন।
ব্রিটিশ কাউন্সিলের এদেশীয় পরিচালক বারবারা উইকহ্যাম বলেন, ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিলেতপ্রবাসীদের গৌরবগাথা ও ব্রিটিশ কাউন্সিলের প্রত্যক্ষ ভূমিকার সাক্ষী হতে পেরে আমরা গর্বিত ও সম্মানিত বোধ করছি।’
মাসজুড়ে চলা এ প্রদর্শনী উপলক্ষে আয়োজন করা হয়েছে কয়েকটি কর্মশালা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের, যা সবার জন্য উন্মুক্ত।