রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষে ব্রিটিশ কাউন্সিল দিনব্যাপী উৎসবের আয়োজন করেছে। ২১ নভেম্বর রাজধানীর ফুলার রোডে ব্রিটিশ কাউন্সিল প্রাঙ্গণে ‘হে ফেস্টিভ্যাল’ নামের এ উৎসবে বাংলাদেশ ও যুক্তরাজ্যের বিভিন্ন লেখক ও চিন্তাবিদ তাঁদের গল্প, চিন্তা ও সৃষ্টিকর্ম নিয়ে জড়ো হবেন।গতকাল রোববার ব্রিটিশ কাউন্সিলে এক সংবাদ সম্মেলনে আয়োজকেরা ওই সব তথ্য জানান। ব্রিটিশ কাউন্সিলের পরিচালক রোজমেরি আরনট বলেন, সাংস্কৃতিক ও লিখনশৈলীর বিভেদ অতিক্রম করা ও চিন্তাচেতনার আদান-প্রদানে সহায়তা করার উদ্দেশ্যে লেখক, চিন্তাবিদ, সংগীতশিল্পী, চিত্রনির্মাতা ও বৈজ্ঞানিকদের একত্রে নিয়ে কাজ করছে ব্রিটিশ কাউন্সিল। এরই অংশ হিসেবে ২০ বছরের বেশি সময় ধরে হে ফেস্টিভ্যাল আয়োজন করা হচ্ছে।উৎসবের ব্যবস্থাপনা পরিচালক ল্যান্ডি কুক জানান, ২১ নভেম্বর দিনব্যাপী এ উৎসবে প্রবেশ উন্মুক্ত। তবে এর আগে www.hayfestival.org/dhaka ঠিকানায় নিবন্ধন করতে হবে। এ উৎসবে অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছেন: রবীন্দ্র অনুবাদক ফখরুল আলম, দ্য ডেইলি স্টার পত্রিকার সম্পাদক মাহফুজ আনাম, দ্য টেলিগ্রাফ পত্রিকার লর্না ব্রাডবারি, লেখিকা সেলিনা হোসেন, কবি কায়সার হক, কথাশিল্পী জন ব্লেইক, হে ফেস্টিভ্যালের পরিচালক পিটার ফ্লোরেন্স, লেখক নিয়াজ জামান, দোভাষী ঔপন্যাসিক জন গাওয়ার, অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, ঔপন্যাসিক এন্ড্রু মিলার, টিফানি মারি, তাহমিমা আনাম প্রমুখ। এ উৎসবের সহযোগিতায় রয়েছে কাতার এয়ার ওয়েজ ও দ্য ডেইলি স্টার।সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন: ব্রিটিশ কাউন্সিলের দক্ষিণ এশিয়া শাখার পরিচালক শ্রীলা ঘোষ, হে ফেস্টিভ্যালের পরিচালক পিটার ফ্লোরেন্স, দ্য ডেইলি স্টার-এর নির্বাহী সম্পাদক বদরুল আহসান, কবি কায়সার হক প্রমুখ।