ব্রিটিশ কাউন্সিলের ধানমন্ডি শাখায় 'ই-লার্নিং' শুরু
বই-খাতা ছাড়াই পড়াশোনা চলবে এবার। ক্লাসে শিক্ষক-শিক্ষার্থী সবাই ব্যবহার করবেন ট্যাব। কেন্দ্রীয় সার্ভারের তথ্য-উপাত্ত (রিসোর্স) ব্যবহার করে শিক্ষার্থীরা নিজেরাই শিখতে পারবেন। নিজেকে যাচাই করার পরীক্ষাও (সেলফ অ্যাসেসমেন্ট টেস্ট) দিতে পারবেন। শিক্ষকেরা এই পরীক্ষা যাচাই করতে পারবেন।
এমন সব আধুনিক প্রযুক্তি দিয়ে ব্রিটিশ কাউন্সিলের ধানমন্ডি শাখাকে নতুন করে সাজানো হয়েছে। গতকাল সোমবার ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের রাষ্ট্রদূত রবার্ট গিবসন ফিতা কেটে এই শিক্ষাদান কেন্দ্রটিকে নতুন করে উদ্বোধন করেন। স্বল্প সময়ে আইইএলটিএস পরীক্ষায় ভালো স্কোর প্রত্যাশীদের জন্য এই শাখায় ‘আইইএলটিএস প্রিমিয়ার’ নামে একটি পরীক্ষা-পূর্ব কোর্স চালুর ঘোষণা দেওয়া হয়, যেটি বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিলের অন্য কোনো কেন্দ্রে নেই।
উদ্বোধনী বক্তব্যে রবার্ট গিবসন বলেন, সাংস্কৃতিক সম্পর্কের ক্ষেত্রে ব্রিটিশ কাউন্সিল বিশ্বে শীর্ষস্থানীয় এবং ইংরেজি ভাষা যুক্তরাজ্যের প্রধান সাংস্কৃতিক অনুষঙ্গ। তিনি ধানমন্ডির এই শিক্ষায়তন একদিন ইংরেজি ভাষা শিক্ষাদানে সেরা দৃষ্টান্ত সৃষ্টি করবে বলে আশা প্রকাশ করেন।
উদ্বোধনের আগে ‘প্রি-ইন্টারমিডিয়েট’ নামে একটি কোর্সের ক্লাসে শিক্ষার্থীদের সঙ্গে অতিথিরাও অংশ নেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ ও শিক্ষাসচিব নজরুল ইসলাম খান। এ ছাড়া বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিলের পরিচালক বারবারা উইকহ্যাম উপস্থিত ছিলেন।