ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডসের অনুষ্ঠান ৩০ নভেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

যুক্তরাজ্যে বাংলাদেশিদের সবচেয়ে বড় আয়োজন ‘ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডস’ ৩০ নভেম্বর সোমবার অনুষ্ঠিত হবে। কারি ‘অস্কার’ খ্যাত এ অনুষ্ঠান যুক্তরাজ্যের মূলধারায় বাঙালির নৈপুণ্য তুলে ধরার অন্যতম আয়োজন। ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডসের ১১তম এই আসর সেন্ট্রাল লন্ডনের বেটারসি পার্কের সুবিশাল মিলনায়তনে অনুষ্ঠিত হবে। স্থানীয় সময় সন্ধ্যা ছয়টায় শুরু হয়ে এ অনুষ্ঠান মধ্যরাত পর্যন্ত অনুষ্ঠান চলবে।
এ ব্যাপারে ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডসের প্রতিষ্ঠাতা এনাম আলী প্রথম আলোকে বলেন, বাংলাদেশি রেস্তোরাঁ ব্যবসায়ীদের উৎসাহ ও অনুপ্রেরণা দেওয়া এবং ব্রিটিশ মূলধারায় নিজেদের অবস্থান তুলে ধরার লক্ষ্যে ২০০৫ সাল থেকে ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডসের যাত্রা শুরু। আয়োজনে ভিন্নতা ও অ্যাওয়ার্ডসের গ্রহণযোগ্যতার কারণে এই অনুষ্ঠান যুক্তরাজ্যের আতিথেয়তা খাতের সবচেয়ে বড় অনুষ্ঠানে পরিণত হয়েছে। যুক্তরাজ্যের শীর্ষ পর্যায়ের রাজনীতিবিদ, ব্যবসায়ী ও বিভিন্ন পেশার গুণী ব্যক্তিদের সরব উপস্থিতি এবং মূলধারার গণমাধ্যমের আগ্রহের কারণে এ অনুষ্ঠানের বিশেষ কদর রয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন দুবার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

.
.

এনাম আলী বলেন, এখানকার রেস্তোরাঁগুলোতে রান্নার স্বকীয়তা এবং পরিবেশনায় যে ব্রিটিশবোধ কাজ করে, এ কারণেই বাঙালি খাবারগুলো এখানে ব্রিটিশ কারি হিসেবে খ্যাতি লাভ করেছে। প্রতিবারের মতো এবারও আয়োজনে ভিন্ন কিছু থাকবে বলে জানিয়ে তিনি বলেন, বাঙালিরাও যে যুক্তরাজ্যে শীর্ষ পর্যায়ের আয়োজন করতে পারে, তা দেখানোর জন্য এক ধরনের স্পৃহা কাজ করে প্রতিবার। তিনি জানান, ১ হাজার ৬০০ জনের বেশি অতিথি এবারের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। যুক্তরাজ্যের সেরা ১০টি রেস্তোরাঁকে পুরস্কার দেওয়া হবে। রেস্তোরাঁ ব্যবসায় সফল হওয়ার পাশাপাশি সমাজে অসামান্য অবদান রাখার জন্য একজনকে বিশেষ সম্মাননা দেওয়া হবে।