ব্রিটিশ নাগরিক ছিনতাইয়ের শিকার: গুলিবিদ্ধ ২ ছিনতাইকারী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরে এমইএস কলেজের সামনে ব্রিটিশ নাগরিক ছিনতাইয়ের শিকার হওয়ার ঘটনায় আরও দুই ছিনতাইকারীকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। তাঁরা দুজনেই গুলিবিদ্ধ। তাঁদের পুলিশ প্রহরায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। উদ্ধার করা হয়েছে ওই ব্রিটিশ নাগরিকের ক্যামেরাটি।

গ্রেপ্তার দুজন হলেন চট্টগ্রামের জোড়ারগঞ্জ থানা এলাকার শেখ ফরিদ (৩৬) ও বোয়ালখালী উপজেলার মো. ইউসূফ (৩২)। তাঁদের একজনের হাতে ও একজনের পায়ে গুলি লেগেছে।

পুলিশ বলছে, গতকাল রোববার রাতে চট্টগ্রাম নগরের আমবাগান এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়েছে।

এর আগে গত শনিবার সকালে এ ঘটনায় টাইগারপাস এলাকা থেকে সেলিমসহ তিনজনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম নগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। সেলিম পেশাদার ছিনতাইকারী। চট্টগ্রাম নগর পুলিশের তালিকাভুক্ত ছিনতাইকারীদের তালিকায় তাঁর নাম রয়েছে। তাঁর বাড়ি সন্দ্বীপ উপজেলার কালাপানিয়া এলাকায়। তিনি থাকেন চট্টগ্রামের হালিশহরের ফইল্লাতলী এলাকায়। তাঁর বিরুদ্ধে ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে সাতটি মামলা রয়েছে।

গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার (উত্তর) এ এ এম হুয়ায়ুন কবীর প্রথম আলোকে বলেন, ব্রিটিশ নাগরিক ছিনতাইয়ের শিকার হওয়ার ঘটনায় গতকাল রাতে নগরের আমবাগানে অভিযান চালানো হয়। সেখানে সাত-আটজন ছিল বলে ধারণা করা হচ্ছে। পুলিশের উপস্থিতি টের ওরা গুলি করে। আত্মরক্ষার্থে পুলিশও কয়েকটি গুলি ছুড়ে। একপর্যায়ে কয়েকজন পালিয়ে যায়। পুলিশ দুজনকে ধরে ফেলে। তাঁদের একজনের হাতে ও একজনের পায়ে গুলি লেগেছে। সেখান থেকে একটি কাটাবন্দুক ও পাঁচটি গুলি পাওয়া গেছে। পরে তাঁদের দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী নগরের কদমতলী এলাকায় ফরিদের বাসা থেকে ডেভিসের ছিনতাই হওয়া ক্যামেরাটা উদ্ধার করা হয়।

ইউসূফের নামে ছিনতাইয়ের অভিযোগে আটটি ও ফরিদের নামের চারটি মামলা রয়েছে।

পুলিশ সূত্র জানায়, ২১ ফেব্রুয়ারি সকাল পৌনে আটটায় খুলশী থেকে রিকশায় জিইসি মোড়ে যাওয়ার সময় এমইএস কলেজের সামনে ছিনতাইয়ের শিকার হন জুলিয়া ডেভিস। অটোরিকশা থেকে তাঁর ব্যাগ টান দিয়ে নিয়ে যায় ছিনতাইকারীরা। ব্যাগের ভেতরে ছিল একটি ক্যামেরা ও চশমা। জুলিয়া ডেভিস চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের কর্মকর্তা। ছিনতাইয়ের ঘটনায় খুলশী থানায় মামলা হয়।