ব্রিটিশ নাগরিক সামিউনসহ তিনজনের নামে অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গি তৎপরতার অভিযোগে গ্রেপ্তার হওয়া বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক সামিউন রহমান ওরফে ইবনে হামাদানসহ তিনজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় অভিযোগপত্র দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গত বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ অভিযোগপত্র দাখিল করা হয়।
অভিযোগপত্রভুক্ত অন্য দুজন হলেন সাবেক এক বিচারপতির ছেলে আসিফ আদনান ও সাবেক এক যুগ্ম সচিবের ছেলে ফজলে এলাহী তানজিল। অভিযোগপত্রে সামিউন, আসিফ ও ফজলের বিরুদ্ধে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) ও আনসারুল্লাহ বাংলা টিমসহ বিভিন্ন সংগঠনকে শক্তিশালী করে আল-কায়েদার আদলে শরিয়াহভিত্তিক ইসলামি রাষ্ট্রব্যবস্থা প্রবর্তনের চেষ্টার অভিযোগ আনা হয়েছে। সঠিক ঠিকানা না পাওয়ায় আসামি জুলকারনাইন, জাবের, আবু নায়না, আ. করিম ও আবদুল্লাহকে এই মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন করেছেন মামলার তদন্ত কর্মকর্তা। আগামী ৩ আগস্ট অভিযোগপত্র উপস্থাপন ও শুনানির দিন ধার্য করেছেন আদালত।
জঙ্গি তৎপরতার অভিযোগে ২০১৪ সালের ২৪ সেপ্টেম্বর আসিফ আদনানকে রাজধানীর সেগুনবাগিচার বাসা থেকে ও ফজলে এলাহীকে ইস্কাটনের বাসা থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এ সময় তাঁদের বাসা থেকে একটি কম্পিউটার, তিনটি মুঠোফোন, দুটি পেনড্রাইভ ও তিনটি সিডি উদ্ধার করা হয়।