ব্রিটিশ পার্লামেন্টে টিউলিপের বক্তব্য শুনলেন প্রধানমন্ত্রী

ব্রিটিশ পার্লামেন্টে গতকাল মঙ্গলবার ছোট বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ রেজওয়ানা সিদ্দিকের বক্তব্য উপভোগ করলেন যুক্তরাজ্য সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশটির গত ৭ মের নির্বাচনে প্রথমবারের মতো এমপি নির্বাচিত হন টিউলিপ। প্রথা অনুযায়ী হাউস অব কমন্সে গতকাল প্রথম আনুষ্ঠানিক বক্তব্য দেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাউস অব কমন্সের গ্যালারিতে বসে স্বজনদের নিয়ে টিউলিপ সিদ্দিকের বক্তব্য শোনেন। তাঁর সঙ্গে ছিলেন টিউলিপের মা শেখ রেহানা, স্বামী ক্রিস পার্সি, ভাই রেদওয়ান মুজিব সিদ্দিক, প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল।
যুক্তরাজ্যে সংসদীয় গণতন্ত্রের ঐতিহ্য অনুযায়ী নতুন নির্বাচিত এমপিরা পার্লামেন্টে একটি সূচনা বক্তৃতা বা ‘মেইডেন স্পিচ’ দেন। বিতর্ক ছড়াতে পারে, এমন কোনো বিষয় সে বক্তব্যে থাকে না। সাধারণত সংসদীয় গণতন্ত্র ও নিজের সংসদীয় এলাকার ঐতিহ্য এবং পূর্বসূরি এমপির অবদান নিয়ে এ বক্তব্য দেওয়া হয়।
যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়নে থাকা না-থাকা নিয়ে তোলা বিলের ওপর আলোচনা হচ্ছিল গতকাল। এমন একটি গুরুত্বপূর্ণ অধিবেশনের দিনে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য টিউলিপ বক্তব্যের শুরুতে স্পিকারকে ধন্যবাদ জানান। গতকালের অধিবেশন পরিচালনা করেন ডেপুটি স্পিকার লিন্ডসে হোলি।
প্রায় ১০ মিনিটের বক্তব্যে টিউলিপ তাঁর নির্বাচনী আসন হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্নের ঐতিহ্য তুলে ধরেন। উল্লেখ করেন এ এলাকার রাজনীতিক বেন ইউকেনহ্যামের কথা, যিনি স্বাধীনতাযুদ্ধের সময় বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিলেন। এ এলাকার সঙ্গে নিজের ঘনিষ্ঠতার কথা বলতে গিয়ে টিউলিপ বলেন, ১৯৭৫ সালে বাংলাদেশের স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমানকে হত্যা করার পর তাঁর মা শেখ রেহানা এবং খালা শেখ হাসিনা যুক্তরাজ্যে আশ্রয় নিয়ে হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্নেই ছিলেন।
যুক্তরাজ্যের অর্থনীতি ও সংস্কৃতিতে অভিবাসীদের অবদানের কথা উল্লেখ করে টিউলিপ বলেন, অভিবাসন বিষয়ে যুক্তরাজ্যকে আরও মানবিক হওয়া উচিত।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছয় দিনের ব্যক্তিগত সফরে যুক্তরাজ্যে আসেন। আজ বুধবার তাঁর বাংলাদেশের উদ্দেশে যাত্রা করার কথা রয়েছে।
কমন্স সভার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী: যুক্তরাজ্য সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বলেছেন, বাংলাদেশ গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করছে। গত সোমবার ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে এক সভায় তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে যুক্তরাজ্যের স্বরাষ্ট্রবিষয়ক সংসদীয় কমিটির সভাপতি লেবার পার্টির এমপি কিথ ভাজ ওই সভার আয়োজন করেন। স্পিকার জন বার্কো সেখানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
সভায় দেওয়া বক্তৃতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও গণতন্ত্রায়ণে যুক্তরাজ্যের ভূমিকার কথা স্মরণ করেন।
যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিকসহ প্রায় ৩০ জন ব্রিটিশ এমপি সভায় উপস্থিত ছিলেন। ব্রিটিশ এমপিরা বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাহসী নেতৃত্বের প্রশংসা করেন। তাঁরা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গর্বিত হওয়ার মতো দৃষ্টান্তমূলক অনেক কাজ করেছেন।
প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমসহ সফরসঙ্গীদের অনেকে সভায় উপস্থিত ছিলেন।
যুক্তরাজ্য বিএনপির বিক্ষোভ: লন্ডনে শেখ হাসিনার অনুষ্ঠানস্থলের পাশে আবারও বিক্ষোভ করেছে যুক্তরাজ্য বিএনপি। সোমবার বিকেলে প্রধানমন্ত্রী কমন্স সভার সভাটিতে যোগ দিতে গেলে বিএনপির নেতা-কর্মীরা পার্লামেন্টের সামনে বিক্ষোভ করেন। বিক্ষোভকারীদের সঙ্গে আওয়ামী লীগ নেতা-কর্মীদের উত্তেজনা দেখা দেয়। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে এ নিয়ে টানা চার দিন বিক্ষোভ করলেন যুক্তরাজ্য বিএনপির নেতা-কর্মীরা।