ব্রিটিশ প্রতিমন্ত্রী ঢাকায়
যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন সহায়তা প্রতিমন্ত্রী সন্দীপ বার্মা গতকাল মঙ্গলবার ঢাকায় এসেছেন। ঢাকায় যুক্তরাজ্যের হাইকমিশন গতকাল এক বিজ্ঞপ্তিতে জানায়, সন্দীপ বার্মা নতুন বৈশ্বিক উন্নয়ন লক্ষ্যে বাংলাদেশের প্রয়াসে সমর্থন এবং বাংলাদেশের তৃণমূল পর্যায়ে যুক্তরাজ্যের উন্নয়নের অগ্রাধিকার নিয়ে কথা বলবেন। আগামী এক দশকের মধ্যে চরম দারিদ্র্য সম্পূর্ণ দূর করা এবং সমন্বিত উন্নয়নে কাউকে পেছনে না রাখতে বাংলাদেশ সরকারের প্রয়াসে সমর্থন দিচ্ছে যুক্তরাজ্য।
এই সফরে প্রতিমন্ত্রী উন্নয়ন অংশীদার, নাগরিক সমাজ, স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন পক্ষ এবং উন্নয়ন প্রকল্পের সুফলভোগীদের সঙ্গে মতবিনিময় করবেন।
বাংলাদেশ সফর প্রসঙ্গে সন্দীপ বার্মা বলেন, ‘বাংলাদেশ সফরে এসে আমি আনন্দিত। বছরের পর বছর আমাদের সম্পর্ক শক্তিশালী হয়েছে এবং আমি চাই বাংলাদেশ যখন নিজেই তার উন্নয়নের মাধ্যমে বিকশিত হচ্ছে এ সময় সম্পর্ক আরও শক্তিশালী হোক।’