ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তায় আন্তর্জাতিক মানদণ্ড নিশ্চিত করতে ২০ মার্চের মধ্যে যুক্তরাজ্যের নিরাপত্তা প্রতিষ্ঠানকে বেছে নেওয়া হচ্ছে। আগামী রোববার তা চূড়ান্ত করা হবে।
ঢাকা থেকে সরাসরি পণ্য পরিবহনে সাময়িক নিষেধাজ্ঞা প্রত্যাহার ও বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-লন্ডন রুটকে ঝুঁকিমুক্ত রাখতে সরকার এ পদক্ষেপ নিচ্ছে। তবে যুক্তরাজ্যের পরামর্শ মেনে নিয়ে ব্রিটিশ প্রতিষ্ঠানকে একটি নির্দিষ্ট সময়ের জন্য কাজ দেওয়া এবং ওই প্রতিষ্ঠানের কাজে নজরদারি থাকা জরুরি বলে মনে করছেন আন্তর্জাতিক বিমান চলাচলের নিরাপত্তার সঙ্গে যুক্ত বিশেষজ্ঞরা।
বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা গতকাল বৃহস্পতিবার সকালে প্রথম আলোকে জানান, এখন পর্যন্ত চারটি ব্রিটিশ প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনার পর রেডলাইন ও রেসট্রাটার প্রতিনিধিদের সঙ্গে সন্তোষজনক আলোচনা হয়েছে। এ প্রতিষ্ঠানগুলোর একটিকে বেছে নেওয়ার কথা ভাবা হচ্ছে। নির্বাচিত ব্রিটিশ প্রতিষ্ঠানটি মূলত স্ক্রিনিং ও প্রশিক্ষণের কাজটি করবে। তিনি জানান, আগামী রোববার এ বিষয়ে ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে আলোচনার পর বিষয়টি চূড়ান্ত হতে যাচ্ছে। নির্বাচিত প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি সই করে আগামী সপ্তাহেই তাদের বিমানবন্দরে কাজ শুরু করতে বলা হবে। নাম প্রকাশে অনিচ্ছুক সরকারের উচ্চ পর্যায়ের এক কর্মকর্তা জানান, শুরুতে ছয় মাস এবং পরে আরও ছয় মাস—এভাবে এক বছরের জন্য ব্রিটিশ প্রতিষ্ঠানকে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া হচ্ছে।
এ বিষয়ে বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী রাশেদ খান মেনন গত রাতে প্রথম আলোকে বলেন, আগামী শনিবার ব্রিটিশ প্রতিষ্ঠানকে নির্বাচিত করা হবে এবং রোববার ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভায় এ সিদ্ধান্ত অনুমোদন করা হবে। এসব প্রক্রিয়া শেষ করে আগামী সপ্তাহের মধ্যে ব্রিটিশ প্রতিষ্ঠানকে কাজ বুঝিয়ে দেওয়া হবে। নির্বাচিত ব্রিটিশ প্রতিষ্ঠান বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থাপনায় তদারকি, স্ক্রিনিং ব্যবস্থা পরিচালনা এবং জনবল প্রশিক্ষণে যুক্ত থাকবে।
বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্রে জানা গেছে, যুক্তরাজ্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তায় যেসব ত্রুটির কথা বলছে, তা নতুন নয়। এ বিষয়গুলো বিস্তারিত উল্লেখ করে যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর ট্রান্সপোর্ট ২০০৭ ও ২০০৯ সালে বাংলাদেশকে প্রতিবেদন দিয়েছিল। ওই সব প্রতিবেদনে পণ্য পরিবহন স্থান, যাত্রী ও তাঁদের পণ্য তল্লাশি এবং বিমানবন্দরের কর্মরত দেশি-বিদেশি বিভিন্ন সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের জন্য কী ধরনের নীতিমালা ও পদক্ষেপ নিতে হবে, তা নির্দিষ্টভাবে বলা হয়েছিল। অথচ তা সরকার শেষ পর্যন্ত বিবেচনায় নেয়নি। এমনকি যুক্তরাজ্য নিজেদের খরচে ২০০৬ ও ২০০৭ সালে বেবিচকের ৪০ জন জনবলকে প্রশিক্ষণ দিয়েছিল। প্রশিক্ষিত ওই লোকজন সম্পর্কে খোঁজ নিতে গিয়ে যুক্তরাজ্য পরে দেখতে পেয়েছে, এঁদের বেশির ভাগই বদলি হয়ে গেছেন চট্টগ্রাম, বরিশাল ও সৈয়দপুরে। অথচ তাঁরা যে ধরনের প্রশিক্ষণ নিয়েছিলেন, সেই অভিজ্ঞতা কাজে লাগানোর সুযোগ নেই বাংলাদেশের ওই তিন বিমানবন্দরে।
বিমান নিরাপত্তায় ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের (আইএটিএ) প্রশিক্ষণপ্রাপ্ত ও বিদেশি বিমান সংস্থায় কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তার সঙ্গে গতকাল দুপুরে কথা বলে জানা গেছে, নিরাপত্তা ব্যবস্থাপনার দায়িত্ব ব্রিটিশ প্রতিষ্ঠানকে দেওয়ার সময় নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া উচিত। কারণ ওই প্রতিষ্ঠান দায়িত্ব নেওয়ার পর পরিস্থিতির কতটা পরিবর্তন হলো, সেটি দেখার আছে এবং ভবিষ্যতে নিরাপত্তাব্যবস্থা টেকসই করার জন্য কী কী পদক্ষেপ নিতে হবে, সেটিও জরুরি। এ সময় নির্বাচিত প্রতিষ্ঠানটির কাজ কেমন হচ্ছে সেটিও মূল্যায়ন করতে হবে। আর বিভিন্ন সময় বিদেশি বিমান সংস্থায় জড়িত লোকজনকে নিয়ে একটি বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে এই তদারকি করতে হবে। যেহেতু যুক্তরাজ্য বিমানবন্দরের নিরাপত্তায় ‘আন্তর্জাতিক মানদণ্ড’ পূরণের পাশাপাশি টেকসই নিরাপত্তার কথা বলছে, তাই পুরো প্রক্রিয়ায় সময়সীমা ঠিক করা এবং তদারকির বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের অন্য এক জ্যেষ্ঠ কর্মকর্তা গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, ব্রিটিশ প্রতিষ্ঠানকে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থাপনার দায়িত্ব নির্দিষ্ট সময়ের জন্য দেওয়ার ব্যাপারে সরকারের সঙ্গে যুক্তরাজ্যের কর্মকর্তারা একমত হয়েছেন। নির্দিষ্ট একটি সময়ের মধ্যে ওই প্রতিষ্ঠানের প্রশিক্ষণের মাধ্যমে বাংলাদেশের লোকজন দক্ষতা অর্জন করবেন। তখন বাংলাদেশের লোকজনই কাজটি করবেন। এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত না হলেও ছয় মাস থেকে এক বছর পর্যন্ত ব্রিটিশ প্রতিষ্ঠানকে রাখার বিষয়টি বিবেচনায় রয়েছে।
ঢাকায় ব্রিটিশ এয়ারওয়েজের সাবেক বিমানবন্দর ব্যবস্থাপক মুজতবা আলী খান গতকাল দুপুরে প্রথম আলোকে বলেন, বিদেশি কোনো সংস্থাকে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থাপনার মতো কাজে যুক্ত করা হলে সাধারণত তারা সময়সীমা ধরে কাজ করে এবং নিজ দায়িত্বে মূল্যায়ন প্রতিবেদন দিয়ে থাকে। তাদের কাজ পর্যবেক্ষণের সামর্থ্য ও অভিজ্ঞতা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের আছে। তবে এ ক্ষেত্রে বেশি জরুরি হচ্ছে, প্রতিষ্ঠানের আন্তরিকতা এবং বাংলাদেশ সরকারের ও দেশি-বিদেশি বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়।