ব্রিটিশ সহায়তা পেয়ে সম্ভবত বাংলাদেশে মুঠোফোন ও সামাজিক গণমাধ্যমগুলোতে আড়ি পাতার কাজটি করতে পারছে পুলিশ। আর এটা করে বিরোধী রাজনীতিকদের গ্রেপ্তার করা হচ্ছে।
ব্রিটিশ ইনডিপেনডেন্ট কমিশন অন এইড ইমপ্যাক্টের (আইসিএআই) এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। খবর টেলিগ্রাফের।
আইসিএআইয়ের প্রতিবেদনে বলা হয়, ব্রিটিশ সরকার বাংলাদেশের গোয়েন্দাদের প্রশিক্ষণ দিয়েছে। এই প্রশিক্ষণের আওতায় মুঠোফোন ও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আড়ি পাতা, তথ্য বিশ্লেষণ করাসহ নানা বিষয় শেখানো হয়। এখন দেশটিতে বিরোধী রাজনীতিকদের ফোন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তৎপরতায় আড়ি পেতে তাঁদের গ্রেপ্তার করা হচ্ছে।
ডিএফআইডি ও জাতিসংঘ পরিচালিত একটি কর্মসূচিতে বাংলাদেশ পুলিশকে ফোন ও সামাজিক গণমাধ্যমে আড়ি
পাতার জন্য সফটওয়্যার সরবরাহ এবং প্রশিক্ষণ দেওয়ার বিষয়টি জানতে পেরে ‘বিস্মিত’ হন আইসিএআইয়ের পরিদর্শকেরা। প্রতিবেদনে বলা হয়, তাঁদের আশঙ্কা, এই সহায়তার অপব্যবহার হবে।
প্রতিবেদনে শুধু বাংলাদেশ নয়, উন্নয়নশীল বিশ্বের ১৬টি দেশকে দেওয়া ব্রিটিশ সরকারের এ সহায়তা নিয়ে প্রশ্ন তোলা হয়।