বাংলাদেশ থেকে ব্রিটিশ ভিসা প্রসেসিং সেন্টার ভারতের নয়াদিল্লিতে স্থানান্তর করা হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ‘সিলেট ডেভেলপমেন্ট কাউন্সিল’ (এসডিসি) নামের প্রবাসী অধিকারবিষয়ক একটি উন্নয়ন সংগঠন। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন কর্মসূচি চলাকালে সমাবেশ থেকে এ হুঁশিয়ারি দেন সংগঠনের নেতারা।
সমাবেশ থেকে জানানো হয়, ব্রিটিশ ভিসা কার্যক্রম বাংলাদেশ থেকে ভারতের নয়াদিল্লিতে স্থানান্তর প্রক্রিয়া শুরু হয়েছে। এ প্রক্রিয়ায় বাংলাদেশের নাগরিকেরা বেশি ভোগান্তির মুখে পড়বেন—জানিয়ে বক্তারা বলেন, ব্রিটেনের নাগরিকদের সঙ্গে বাংলাদেশ তথা সিলেটের নাগরিকদের রক্তের সম্পর্ক। এ সম্পর্কে দূরত্ব সৃষ্টি করতেই ভিসা কার্যক্রম স্থানান্তর করা হচ্ছে।
এ অবস্থায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিরুদ্ধেও নীরব ভূমিকা পালনের অভিযোগ তুলে সংগঠনের নেতারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ব্রিটিশ ভিসা কার্যক্রম যাতে দিল্লিতে স্থানান্তর করা না হয়, সে জন্য সরকারকে অবশ্যই ভূমিকা রাখতে হবে। তা না হলে সিলেট থেকে কঠোর আন্দোলন গড়ে তুলে স্থানান্তর প্রক্রিয়া বন্ধ করা হবে।
এসডিসির চেয়ারম্যান খন্দকার মামুন আলী আখতারের সভাপতিত্বে সমাবেশে সংগঠনের যুগ্ম সম্পাদক হিমাংশু ভট্টাচার্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক কয়েস আহমদ, মানবাধিকার সংগঠক দেলোয়ার হোসেন খান, সাজিদ মাহমুদ, কবির আহমদ চৌধুরী, আবদুল মান্নানসহ প্রমুখ বক্তব্য দেন।
মানববন্ধন ও সমাবেশ শেষে নেতারা তাঁদের দাবির সপক্ষে গণস্বাক্ষর সংগ্রহ করে সিলেটের জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি পেশ করেন।