ব্রিটিশবিরোধী আন্দোলনের বিপ্লবীদের স্মরণে স্মৃতিফলক

চট্টগ্রামের পাহাড়তলীতে রেলওয়ের বিভাগীয় প্রকৌশলীর কার্যালয়ের সামনে ব্রিটিশবিরোধী আন্দোলনের বিপ্লবীদের স্মৃতি সংরক্ষণের জন্য নির্মিত স্মৃতিফলকের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে স্মৃতিফলকের উদ্বোধন করেন রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. আবদুল হাই।
চট্টগ্রামে যুব বিদ্রোহ দিবসের ৮৭তম বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম বিপ্লব ও বিপ্লবী স্মৃতি সংরক্ষণ পরিষদের উদ্যোগে এই স্মৃতিফলক স্থাপন করা হয়। রেলওয়ের এই কার্যালয় ব্রিটিশ আমলে ছিল ইংরেজদের বিনোদনের ক্লাব ‘ইউরোপিয়ান ক্লাব’।
স্মৃতিফলকে বড় হরফে লেখা ‘ঐতিহাসিক ইউরোপিয়ান ক্লাব’। এরপর নিচে ছোট হরফে লেখা আছে, এই ক্লাবের সাইনবোর্ডে লেখা থাকত ‘কুকুর ও ভারতীয়দের প্রবেশ নিষেধ’। এ ছাড়া ১৯৩০ সালের ১৮ এপ্রিল মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রাম যুব বিদ্রোহ শুরু, মাস্টারদার নির্দেশে ১৯৩২ সালের ২৪ সেপ্টেম্বর রাতে বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের নেতৃত্বে ইউরোপিয়ান ক্লাবে আক্রমণ, পরে বীরকন্যার আত্মাহুতিসহ কয়েকটি ঐতিহাসিক ঘটনার কথাও সংক্ষিপ্ত আকারে লেখা আছে স্মৃতিফলকে।
আবদুল হাই বলেন, চট্টগ্রাম যুব বিদ্রোহের স্মৃতি রক্ষায় রেলওয়ের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হবে। অন্য বক্তারা ইউরোপিয়ান ক্লাবের সামনের সড়কসহ সংলগ্ন এলাকাকে প্রীতিলতা চত্বর ঘোষণার দাবি জানান তাঁরা।
অনুষ্ঠানে বক্তব্য দেন রেলওয়ে পূর্বাঞ্চলের অতিরিক্ত মহাব্যবস্থাপক ইছা-ই খলিল, বিভাগীয় রেল ব্যবস্থাপক মোহাম্মদ জাহাঙ্গীর, নির্বাহী প্রকৌশলী আবুল কালাম চৌধুরী, বিপ্লব ও বিপ্লবী স্মৃতি সংরক্ষণ পরিষদের উপদেষ্টা মুহাম্মদ শামসুল হক প্রমুখ।