ব্রিটেন বাংলাদেশের পরীক্ষিত বন্ধু : শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘যুক্তরাজ্য বাংলাদেশের সময়ের পরীক্ষিত বন্ধু হওয়ায় লন্ডনের সঙ্গে সম্পর্ককে ঢাকা অত্যন্ত গুরুত্ব দেয়।’ আজ বুধবার সকালে তাঁর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ বিদায়ী হাইকমিশনার রবার্ট উইলিংটন গিবসনের সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।খবর বাসসের।
বৈঠকের পরে প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ব্রিটিশ জনগণ ও রাজনৈতিক নেতৃবৃন্দের অবিচল সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় প্রধানমন্ত্রী সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে তাঁর সরকারের ‘জিরো টলারেন্স নীতির’ কথা পুনর্ব্যক্ত করেন। সরকারের বিভিন্ন জনমুখী কার্যক্রম তুলে ধরে শেখ হাসিনা বলেন, বেসরকারি খাতে আরও বিকাশের জন্য তাঁর প্রশাসন সব সুযোগ-সুবিধা উন্মুক্ত করেছে।
‘ডিজিটাল বাংলাদেশ’ কার্যক্রম বাস্তবায়ন প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, তাঁর সরকার ৮ হাজার পোস্ট অফিসকে ই-কেন্দ্রে পরিণত করে আইসিটি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার কাজ করছে। তিনি বলেন, ‘ইতিমধ্যেই ২৪শ’র বেশি পোস্ট অফিস ই-কেন্দ্রে পরিণত করা হয়েছে।’
ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে তাঁর দায়িত্বকালে সমর্থন ও সহযোগিতা প্রদানের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
এ সময় অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।