ব্রিটেন যেতে অনুমতি পাচ্ছেন এক বাংলাদেশি খুনি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুনের দায়ে সাজা খাটা একজন বাংলাদেশি বসবাসের জন্য যুক্তরাজ্যে যাওয়ার অনুমতি পাচ্ছেন। মানবিক অধিকারের ভিত্তি দেখিয়ে তাঁকে এ অনুমতি দিয়েছেন একটি ব্রিটিশ আদালত। এ অনু​মতি মিলেছে ব্রিটিশ স্বরাষ্ট্র দপ্তরের এক আইনি ভুলের কারণে। খবর দ্য টেলিগ্রাফের।

বাংলাদেশি ওই ব্যক্তির পুরো নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। তবে পরিচিতি হিসেবে শুধু ‘জেড আর’ শব্দ উল্লেখ করেছে টেলিগ্রাফ।

প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ব্রিটিশ স্বরাষ্ট্র দপ্তর সংশ্লিষ্ট আদালতে আইনি কাগজপত্র অনেক দেরিতে দাখিল করাতেই ওই বাংলাদেশি এখন ব্রিটেনে যাওয়ার অপেক্ষায় রয়েছেন। তাঁর অভিবাসন-সংক্রান্ত কাগজপত্রের বরাত দিয়ে খবরে আরও বলা হয়, বাংলাদেশে দুজনকে হত্যার দায়ে অভিযুক্ত হলে ১৯৯০ সালে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হন ওই ব্যক্তি। পরে ‘সদাচরণের জন্য সাধারণ ক্ষমা’র অধীন ১৯৯৭ সালে জেল থেকে তিনি ছাড়া পান।

মুক্তি পাওয়ার পরের বছর ১৯৯৮ সালের মার্চে এক ব্রিটিশ নারীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জেড আর। এ দম্পতির তিনটি সন্তান রয়েছে এবং তারা সবাই ব্রিটেনে জন্মগ্রহণ করেছে। ২০১১ সালে ৪৫ বছর বয়সী এই দোকানি যুক্তরাজ্যে গিয়ে পরিবারের সঙ্গে থাকতে ব্রিটিশ স্বরাষ্ট্র দপ্তরে আবেদন করেন। কিন্তু তাঁর আবেদন খারিজ হয়ে যায়।

আবেদন খারিজ হওয়ার পর ওই ব্যক্তি ব্রিটিশ আদালতে আপিল করেন। এতে নিম্নতর অভিবাসন ট্রাইব্যুনালের বিচারপতি ​জন ব্লেয়ার-গোল্ড মানবাধিকার-সংক্রান্ত ইউরোপীয় সনদের ৮ নম্বর ধারার ভিত্তিতে তাঁর দাবি মঞ্জুর করেন। কিন্তু স্বরাষ্ট্র দপ্তর এ বিষয়ে সময়মতো আপিল দাখিল করতে ব্যর্থ হয়। যার অর্থ হলো, জেড আরের আপিল মঞ্জুর করার বিষয়ে আগেকার সিদ্ধান্ত কার্যকর থাকল।