ব্রিটেনে নিজের কন্যাশিশুকে ছুরিকাঘাত করায় পাঁচ বছরের কারাদণ্ড ভোগ করা বাংলাদেশি বংশোদ্ভূত এক নারীকে স্বদেশে পাঠানো হবে না। তাঁকে ব্রিটেনে থাকার অধিকার দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার লন্ডনের একটি আপিল আদালত এই রায় ঘোষণা করেন। খবর ডেইলি মেইলের।
বিবাহবিচ্ছেদের ঘটনায় বিপর্যস্ত ওই নারী ২০০৯ সালে তাঁর মেয়েকে হত্যার চেষ্টা করেন। এই অপরাধে তিনি ইতিমধ্যে পাঁচ বছরের কারাভোগ করেছেন। এ ধরনের অপরাধীদের পরে সাধারণত স্বদেশে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু মুক্তি পাওয়ার পর ওই নারীকে বিশেষ বিবেচনায় ব্রিটেনে থাকার পক্ষে রায় দেন একটি ট্রাইব্যুনাল। কিন্তু পরে সরকার আপিল করে।
পত্রিকাটির খবরে ওই নারীর নাম প্রকাশ করা হয়নি। তবে বলা হয়, তিনি পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটসে বসবাস করেন। বৃহস্পতিবার রায় ঘোষণার সময় আপিল আদালতের বিচারক পিচফোর্ড বলেন, এই মামলাটি ‘সত্যিই ব্যতিক্রমী’। নিজের মেয়েকে ছুরিকাঘাত করার পর এই নারী ইতিমধ্যে পূর্ণ মেয়াদে কারাভোগ করেছেন। এ সময় মেয়ের কাছ থেকে তাঁকে দূরে থাকতে হয়েছে। এখন তাঁকে স্বদেশে পাঠানো হলে মেয়ের সঙ্গে তাঁর স্থায়ী বিচ্ছেদ হবে। এতে মা ও মেয়ের প্রতি নিষ্ঠুর আচরণ করা হবে। তাই সব দিক বিবেচনা করে তাঁকে ব্রিটেনে বসবাসের পক্ষে রায় দেওয়া হলো।