ব্রিটেনে প্রশিক্ষিত জঙ্গিরাই বাংলাদেশের জন্য বড় হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটেনে প্রশিক্ষিত জঙ্গিরাই এখন বাংলাদেশের জন্য সবচেয়ে বড় হুমকি বলে মনে করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। ব্রিটেনে বড় হওয়া এসব তরুণ প্রজন্মের বাঙালি আত্মঘাতী বোমা হামলায় প্রশিক্ষিত বলেও জানান তিনি। তবে সরকারের সতর্ক অবস্থানের কারণে বাংলাদেশে জঙ্গিরা কোনো প্রকার নাশকতা চালাতে পারে না। গত রোববার পূর্ব লন্ডনে যুক্তরাজ্য আওয়ামী লীগ আয়োজিত এক কর্মিসভায় প্রধান অতিথির বক্তৃতায় এমন মন্তব্য করেন সৈয়দ আশরাফ।ব্যক্তিগত সফরে লন্ডনে পক্ষকালব্যাপী অবস্থান করলেও রোববারেই প্রবাসী বাঙালিদের উদ্দেশে খোলামেলা বক্তব্য দেন সৈয়দ আশরাফ। প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ আশরাফ বলেন, প্রবাসীদের দীর্ঘদিনের ভোটাধিকারের দাবি সরকার বাস্তবায়ন করেছে। এখন প্রবাসীদের দায়িত্ব নিজেদের ভোটার তালিকায় নাম লিপিবদ্ধ করা, অন্যথায় সরকারের এই প্রকল্পটি ব্যর্থ হয়ে যাবে।কর্মিসভায় ভূমিহীন কৃষকদের জমি দখলমুক্ত করার পাশাপাশি এই সরকারের আমলে যুদ্ধাপরাধীদের বিচার কার্যকর ও প্রবাসে থেকে তারেক রহমানের সরকারবিরোধী প্রচারের বিরুদ্ধে সরকারের সহযোগিতা কামনা করেন আওয়ামী লীগের নেতারা। জবাবে মন্ত্রী প্রবাসীদের আশ্বস্ত করেন যে বিএনপির কোনো হুমকি-ধমকিতে সরকার বিচলিত বা শঙ্কিত নয়। যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি শামসুদ্দীন খানের সভাপতিত্বে কর্মী সমাবেশে বক্তব্য দেন সৈয়দ ফারুক, আনোয়ারুজ্জামান চৌধুরী, সুলতান শরিফ, মেহের নিগারসহ ইউকে ও ইউরোপ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন এলাকার নেতারা।