ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে যুদ্ধাপরাধী মুঈনুদ্দীনের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চৌধুরী মুঈনুদ্দীন । ছবি:বিবিসির ভিডিও থেকে নেওয়া
চৌধুরী মুঈনুদ্দীন । ছবি:বিবিসির ভিডিও থেকে নেওয়া

একাত্তরে গণহত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত চৌধুরী মুঈনুদ্দীন মানহানির মামলা করেছেন যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেলের বিরুদ্ধে। প্রীতি প্যাটেল সম্প্রতি বলেছেন, যুক্তরাজ্যে পৌঁছানোর পর বিদেশি কোনো অপরাধী এক বছরের বেশি কারাদণ্ডে দণ্ডিত হলে তাঁকে বের করে দেওয়া হবে। প্রীতি প্যাটেলকে উদ্ধৃত করে দেশটির গণমাধ্যম খবর প্রচার করেছে।

যুক্তরাজ্যের গণমাধ্যম দ্য টেলিগ্রাফ–এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ব্রেক্সিট–পরবর্তী অভিবাসন নীতিমালা কী হতে যাচ্ছে, সে সম্পর্কে বলতে গিয়ে প্রীতি প্যাটেল তাঁর দেশ থেকে কারাদণ্ড ভোগ করা অপরাধীদের বের করে দেওয়ার প্রসঙ্গ টেনেছেন। এ ক্ষেত্রে নতুন নীতিমালা কী হবে, সেটি আজ সোমবার প্রীতি প্যাটেলের ঘোষণা করার কথা রয়েছে।

গতকাল ডেইলি মেইল–এর এক খবরে বলা হয়েছে, প্রীতি প্যাটেল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি পোস্ট তাঁর টুইটে শেয়ার করায় চৌধুরী মুঈনুদ্দীন ৬০ হাজার পাউন্ডের ওই ক্ষতিপূরণ মামলা দায়ের করেছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই প্রতিবেদনে তাঁকে একাত্তরের গণহত্যার সঙ্গে জড়িয়ে মানহানি করা হয়েছে। চৌধুরী মুঈনুদ্দীনের দাবি, তিনি ওই অপরাধের সঙ্গে জড়িত ছিলেন না। মুঈনুদ্দীনের এ পদক্ষেপকে ‘ঔদ্ধত্যপূর্ণ’ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। পররাষ্ট্র প্রতিমন্ত্রী তাঁর টুইটে তারেক রহমান, চৌধুরী মুঈনুদ্দীনসহ দেশটিতে বসবাসরত অন্য অপরাধীদের দ্রুত বাংলাদেশের কাছে ফেরত দিতে গতকাল রোববার যুক্তরাজ্যের প্রতি আহ্বান জানিয়েছেন।