ব্রুনাইয়ে ঘুষ মামলায় বাংলাদেশির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
ব্রুনাইয়ে পুলিশকে ঘুষ দেওয়ার প্রস্তাবের অভিযোগে করা দুর্নীতির এক মামলায় আদালতে হাজিরা না দেওয়ায় এক ‘বাংলাদেশি’র বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। খবর দ্য ব্রুনাই টাইমসের।
২০১৩ সালের ১৪ নভেম্বর বিবাদী ডালিম শহীদ উল্লাহ (৩৩) ট্রাফিক আইন ভাঙেন বলে অভিযোগ রয়েছে। ওই ঘটনায় তাঁর বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় পুরস্কার হিসেবে পুলিশকে ৩০ ডলার ঘুষ দিতে চান তিনি।
এর পরিপ্রেক্ষিতে গত এক সেপ্টেম্বর তাঁকে আদালতে হাজির করা হয়। পরে নগদ ১০ হাজার ডলার ও আদালতের ৫ হাজার ডলার জামানত বা স্থানীয় একজন জামিনদারের সহায়তায় জামিনে মুক্তি পান ডালিম। সেই সঙ্গে বিচারকাজ শুরুর দিনও পেছানো হয়।
মামলার বিচারকাজ শুরু হয় গত ১২ অক্টোবর। কিন্তু বিচারকাজ শুরুর প্রথম দিনই ডালিম আদালতে হাজির হননি। ফলে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন করেন বাদী পক্ষের আইনজীবী।
আর গত শনিবার জ্যেষ্ঠ হাকিম নাবিল দারাইনা পিডিএইচ বদরুদ্দিন শুনানিতে দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ায় ডালিমের ওই জামিনদারকে ৫ হাজার ডলার জরিমানা করেন। সেই সঙ্গে জারি করেন ডালিমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা।
তবে আদালতকে জামিনদার বলেন, জামিনে মুক্তির সময় শেষ বার ডালিমকে দেখেছিলেন তিনি।
ব্রুনাইয়ে দুর্নীতি বিরোধী আইনে ৩০ হাজার ডলার জরিমানা ও সর্বোচ্চ সাত বছরের সাজার বিধান রয়েছে।