ব্রেইন ব্রাটস প্রতিযোগিতার পুরস্কার বিতরণী
প্রতিযোগিতার নাম ‘ব্রেইন ব্রাটস’। সারা দেশের ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের জন্য ছিল এই অনলাইন প্রতিযোগিতা। তাতে বিজ্ঞান-অঙ্ক-সাধারণ জ্ঞানে মেধার তুমুল লড়াই শেষে জয়ের পদক ছিনিয়ে নিয়েছে ২১ জন শিশু-কিশোর।প্রথম স্থান বিজয়ীরা প্রত্যেকে পুরস্কার হিসেবে পেয়েছে ঢাকা-কুয়ালালামপুর-ঢাকার বিমান টিকিট, দ্বিতীয় স্থান বিজয়ীরা আসুস ল্যাপটপ এবং তৃতীয় স্থান বিজয়ীরা পেয়েছে ডিজিটাল ক্যামেরা।তৃতীয় থেকে দশম শ্রেণীতে মোট সাতটি ভাগে ১০ হাজার নিবন্ধনকারীর মধ্যে এই প্রতিযোগিতা চলেছে গত পাঁচ মাস। গতকাল শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দ্য ডেইলি স্টার ও চ্যাম্পস ২১ ডট কম আয়োজিত এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শেষে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। বিজয়ী শিশু-কিশোরদের সঙ্গে সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষক-শিক্ষিকাকেও সম্মানিত করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর জ্বালানিবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী এবং বিশেষ অতিথি ছিলেন বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান।তৃতীয় শ্রেণীতে প্রথম সামার ফিল্ড ইন্টারন্যাশনাল স্কুলের রাগিব মুহতাসিম, দ্বিতীয় ডিপিএস এসটিএস স্কুলের দিহান মাশরুর এবং তৃতীয় বিএফ শাহিন ইংলিশ মিডিয়াম স্কুলের রাইয়ান এম রশিদ। চতুর্থ শ্রেণীতে প্রথম সানবিমস স্কুলের আহমেদ লতিফ, দ্বিতীয় সাউথ ব্রিজের আবদুল্লাহ আল সাজিদ এবং তৃতীয় অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের কাইফউজ্জামান খান। পঞ্চম শ্রেণীতে প্রথম সাউথ ব্রিজের সৌম্যজিত গুহ, দ্বিতীয় সামারফিল্ড ইন্টারন্যাশনাল স্কুলের হাসিবা আফরিন, তৃতীয় বিএফ শাহিন ইংলিশ মিডিয়াম স্কুলের সেজান মাহমুদ। ষষ্ঠ শ্রেণীতে অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের মোহাইমেনুল ইসলাম, প্লে পেন-এর আমির হাবিব হাওয়াদ এবং মেরি-কুরি স্কুলের শতাধী দত্ত যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছে। সপ্তম শ্রেণীতে প্লে পেন-এর খন্দকার ফারাজ শফিক, বাংলাদেশ ইন্টারন্যাশনাল টিউটোরিয়ালের আলতাফুল আমিন, মেথোডিস্ট ইংলিশ মিডিয়াম স্কুলের আর রহমান যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছে। অষ্টম শ্রেণীতে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের সাকিব মাহমুদ, ডিপিএস এসটিএস স্কুলের রোদসি মধুরিমা এবং বিএফ শাহিন ইংলিশ মিডিয়াম স্কুলের আহমেদ ইশতিয়াক যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছে। নবম ও দশম শ্রেণীতে প্রথম সানবিমস স্কুলের প্রধি মনীষা, দ্বিতীয় হার্ডকো ইন্টারন্যাশনাল স্কুলের ইন্তিজার হাসনাইন এবং তৃতীয় সানবিমস স্কুলের পদ্ম পারমিতা। অনুষ্ঠানে দ্য ডেইলি স্টার পত্রিকার সম্পাদক মাহফুজ আনাম শিক্ষার্থীদের উৎ সাহিত করে বলেন, বাংলাদেশকে বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে প্রতিযোগিতায় এগিয়ে নিয়ে যেতে হবে। সেসব প্রতিযোগিতায় অংশ নিতে হলে অঙ্ক-বিজ্ঞান-সাধারণ জ্ঞান ছাড়া একবিংশ শতাব্দীতে কোনো স্থান নেই। তিনি জানান, ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের মতো বাংলা মাধ্যমের শিক্ষার্থীদের জন্যও দ্রুত এ ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হবে।