ব্রেইল ব্যালটে ভিপসের নির্বাচন অনুষ্ঠিত
নির্বাচনের প্রার্থী ও ভোটারদের মধ্যে ব্যস্ততার কমতি নেই। তবে প্রার্থী ও ভোটার কেউ কাউকে কখনোই চোখে দেখেননি। দেখতে পাবেনও না কখনো। এঁরা সবাই দৃষ্টিপ্রতিবন্ধী। তাহলে ভোট দেবেন কীভাবে? যাঁরা দৃষ্টিসম্পন্ন তাঁদের কাছে বিষয়টি খুবই জটিল মনে হলেও প্রার্থী ও ভোটাররা এ নিয়ে ছিলেন একদমই নিশ্চিন্ত। ব্রেইল ব্যালট পেপারের মাধ্যমে দৃষ্টিপ্রতিবন্ধীরা ভোট দিয়ে ‘আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব’ কথাটি প্রমাণ করলেন। ভোট দিয়ে ব্যালট বাক্সে নিজেই নিজের ব্যালট পেপার ফেললেন।গতকাল শুক্রবার অভিনব এই নির্বাচন অনুষ্ঠিত হয় নগরের ডব্লিউভিএর একটি সম্মেলনকক্ষে। বাংলাদেশ ভিজুয়ালি ইম্পেয়ার্ড পিপলস সোসাইটির (ভিপস) কার্যকরী কমিটির সভাপতি ও যুগ্ম সম্পাদক পদ দুটিতে গতকাল ভিপসের সদস্যরা ভোট দেন। ব্রেইলের মাধ্যমে এ সংগঠনের সদস্যরা ২০০৫ সাল থেকে ভোট দিচ্ছেন। এ সংগঠনের সদস্য হতে হলে দৃষ্টিপ্রতিবন্ধীদের গ্র্যাজুয়েট হতে হয়। সে হিসেবে সংগঠনের মোট সদস্যসংখ্যা ১০৪ জন। গতকাল ৬৪ জন ভোটার উপস্থিত ছিলেন।ব্যালট পেপার হাতে নেওয়া, বাক্সে ফেলা—এ কাজগুলো অনেকটা প্রকাশ্যেই হচ্ছিল। কেননা যাঁরা চোখে দেখতে পান তাঁরা ব্রেইলের ভাষা বুঝতে পারেন না। নির্দেশনা অনুযায়ী ভোটাররা ব্যালটে ব্রেইলের বিভিন্ন পৃষ্ঠার কোনা ছিঁড়ে নিজের পছন্দের প্রার্থীকে চিহ্নিত করেছিলেন।এ নির্বাচনে তিন সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন বিভিন্ন পেশার মো. শামসুদ্দিন, সেলিনা আক্তার ও মো. সিরাজুল ইসলাম দেওয়ান।দুই বছর পরপর সংগঠনের কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। এবার সভাপতি পদে প্রার্থী হয়েছেন মোশাররফ হোসেন মজুমদার ও হারুন-অর রশিদ। যুগ্ম সম্পাদক পদে প্রার্থী হয়েছেন এ এস এম আশিকুর রহমান ও মাসুদ আনোয়ার খান।সংগঠনের মোট ১৩টি পদের মধ্যে দুটি পদ ছাড়া অন্যগুলোতে প্রার্থীরা আগেই নির্বাচিত হয়েছেন। ১৩টি পদের মধ্যে চারটি পদ নারীদের জন্য সংরক্ষিত।ষষ্ঠ বছরে পা দেওয়া সংগঠনটির তথ্যমতে, দেশের মোট জনসংখ্যার ১০ শতাংশ কোনো না কোনোভাবে প্রতিবন্ধী। এদের এক-তৃতীয়াংশই স্বল্প, মাঝারি ও চরম মাত্রায় দৃষ্টিপ্রতিবন্ধী। নির্বাচন অনুষ্ঠানের আগে সংগঠনের বার্ষিক কর্মপ্রতিবেদন এবং ৩৭ লাখ টাকার বাজেট পেশ করে সদস্যরা দৃষ্টিপ্রতিবন্ধীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এ সময় বক্তব্য দেন কমিটির বর্তমান সভাপতি গোলাম মোস্তফা ও সাধারণ সম্পাদক আইনজীবী মোশাররফ হোসেন মজুমদার।উন্মুক্ত আলোচনায় দেশের বিভিন্ন জায়গা থেকে আগত সদস্যরা ক্ষোভ, অনুভূতি ও বিভিন্ন পরামর্শ জানান। ‘ব্রেইল কপি নেই কেন’, ‘নির্বাচনে না ভোট চাই’, ‘সংগঠনের কার্যক্রমে আরও স্বচ্ছতা চাই’ ইত্যাদি দাবি তুলতে থাকেন সদস্যরা।সংগঠনের সদস্য সাইফুল ইসলাম খান এক ফাঁকে প্রথম আলোর ওয়েবসাইটে প্রথম আলো শ্রুতির মাধ্যমে দৃষ্টিপ্রতিবন্ধীরা যে পত্রিকাটি পড়ার সুযোগ পাচ্ছেন, সে সুখবরটিও জানিয়ে দিলেন।