ব্রেইল মেশিন উপহার পেলেন চান সওদাগর
গুটিবসন্তে দৃষ্টি শক্তি হারানো চান সওদাগরের (৫০) জীবিকা নির্বাহের জন্য একটি ব্রেইল মেশিন দেওয়া হয়েছে। গতকাল সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় মধুর ক্যানটিনের সামনে ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন তাঁর হাতে ব্রেইল মেশিনটি তুলে দেন।
চান সওদাগর প্রথম আলোকে বলেন, ১৯৭১ সালে চার বছর বয়সে তিনি গুটিবসন্তে আক্রান্ত হন। এ সময় হানাদার বাহিনীর হাতে তাঁর বাবা মারা যান, মা মারা যান ১৯৭৪ সালে। এরপর এক বিদেশি তাঁকে ঢাকায় নিয়ে আসেন। ঢাকায় দশম শ্রেণি পর্যন্ত পড়াশোনার পাশাপাশি তিনি পবিত্র কোরআনের হাফেজ হন ও ব্রেইল পদ্ধতিতে বই লেখার প্রশিক্ষণ নেন। এরপর তিনি জামালপুরের দেওয়ানগঞ্জের গ্রামের বাড়িতে ফিরে যান। তাঁর স্ত্রী ও এক ছেলে আছে। এলাকায় তিনি ‘অন্ধ হাফেজ’ নামে পরিচিত।
চান সওদাগর বলেন, বিভিন্নজনের কাছ থেকে আর্থিক সাহায্য নিয়ে তিনি একটি ব্রেইল মেশিন কিনেছিলেন। এই মেশিন দিয়ে দৃষ্টিহীনদের জন্য পবিত্র কোরআন-হাদিসসংক্রান্ত এবং বিভিন্ন ধরনের বই লিখে তাঁর সংসার চলত। অনেক দিন ব্যবহারের পর সম্প্রতি মেশিনটি নষ্ট হয়ে যায়। পরে নতুন একটি ব্রেইল মেশিনের জন্য গণমাধ্যমে সাহায্যের আবেদন পাঠিয়েছিলেন।