ব্রেইলে এল 'অন্য আলোয় পড়ি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দৃষ্টিপ্রতিবন্ধীদের পড়ার সুবিধার জন্য ব্রেইলে প্রকাশিত হলো ‘অন্য আলোয় পড়ি’ নামের মাসিক পত্রিকা। ছবি: মোছাব্বের হোসেন
দৃষ্টিপ্রতিবন্ধীদের পড়ার সুবিধার জন্য ব্রেইলে প্রকাশিত হলো ‘অন্য আলোয় পড়ি’ নামের মাসিক পত্রিকা। ছবি: মোছাব্বের হোসেন

দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের পড়ার সুবিধার জন্য ব্রেইলে প্রকাশিত হলো ‘অন্য আলোয় পড়ি’ নামের মাসিক পত্রিকা। ভিউ ফাউন্ডেশনের উদ্যোগে এই মাসিক পত্রিকা এখন থেকে প্রতি মাসে প্রকাশিত হবে। আজ শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে আনুষ্ঠানিকভাবে পত্রিকাটির উদ্বোধন করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএই বিডি ইনভেস্টমেন্ট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এস এম আকবর বলেন, ‘অন্য আলোয় পড়ি’ নামের পত্রিকায় দৃষ্টিপ্রতিবন্ধীদের লেখা গল্প, কবিতা ও অন্যান্য লেখা প্রকাশ করা হবে। বছর শেষে সেরা তিন লেখককে পুরস্কার দেওয়া হবে। এতে দৃষ্টিপ্রতিবন্ধীরা এই পত্রিকা পড়তে ও লিখতে উৎসাহ পাবেন।

সভাপতির বক্তব্যে ভিউ ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. ইউসুফ আলী চৌধুরী বলেন, ‘প্রতিবছর আমাদের কাজের পরিধি বাড়ছে। দৃষ্টিপ্রতিবন্ধীদের আমি আমার সন্তানের মতো মনে করে তাদের জন্য কাজ করে যাচ্ছি।’ এ বছর থেকে দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা করা ও প্রতি মাসে তাদের জন্য বৃত্তির ব্যবস্থা করার কাজ চলছে বলে জানান তিনি।

অনুষ্ঠানের বিশেষ অতিথি প্রথম আলোর প্রবাস সম্পাদক সেলিম খান বলেন, ‘দৃষ্টিপ্রতিবন্ধীদের প্রথম আলো পত্রিকা পড়ার সুবিধার জন্য আমরা প্রথম আলো শ্রুতি চালু করেছি। এটির মাধ্যমে দৃষ্টিপ্রতিবন্ধীরা দৈনিক খবর শুনতে পাবেন। যাঁরা দৃষ্টিপ্রতিবন্ধী আছেন, আমি তাঁদের বলি দৃষ্টিজয়ী। এই মানুষেরা নিজেদের চেষ্টায় অনেক দূর এগিয়ে যাচ্ছেন। আমরা যদি তাঁদের আরও সহায়তা করি, তাহলে তাঁরা আরও এগিয়ে যাবেন।’ প্রথম আলো ট্রাস্টের মাধ্যমে দৃষ্টি জয়ীদের সহায়তা করা হবে বলে জানান তিনি।

ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী বলেন, দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য বিতর্কের অনুষ্ঠান করা হবে। যেখানে তাঁরা নিজেদের নানা অসুবিধা ও প্রয়োজনের কথা মন খুলে বলতে পারবেন। এ নিয়ে অনুষ্ঠান টেলিভিশনে সম্প্রচার করার ঘোষণা দেন তিনি।

ভিউ ফাউন্ডেশনের নানা দিক তুলে ধরেন সংগঠনের নির্বাহী পরিচালক মো. সাইফুল ইসলাম খান। তিনি বলেন, ‘আমরা ২০১২ থেকে প্রতিবন্ধীদের জন্য কাজ করছি। এখন পর্যন্ত আমরা কোটি টাকার বেশি খরচ করেছি, যা শতভাগ আমাদের দেশের মানুষের সহায়তায়। আমরা কোনো বিদেশি সাহায্য নিইনি। দিনাজপুর, মুন্সিগঞ্জ, কিশোরগঞ্জ ও খুলনায় ১৫৮ জনকে কারিগরি ও ব্যবসার জন্য অনুদান দেওয়া হয়েছে। আমাদের সংগঠনের মাধ্যমে এনসিটিবি কর্তৃক প্রাক-প্রাথমিক থেকে নবম ও দশম শ্রেণি পর্যন্ত ব্রেইল বই মুদ্রণ ও বিতরণ করা হয়েছে। মাসিক পত্রিকায় বিভিন্ন বিভাগে নানা খবর প্রকাশিত হবে, যা পড়ে চাকরি প্রার্থীরা অনেক উপকৃত হবেন।’