ব্রেকিং নিউজের সমালোচনায় ট্রাইব্যুনাল
আদালতের আদেশের আগেই সে বিষয়ে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে ব্রেকিং নিউজ প্রচারের সমালোচনা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। আওয়ামী লীগের সাবেক নেতা মোবারক হোসেনের বিরুদ্ধে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার সময় গতকাল সোমবার ট্রাইব্যুনাল এ সমালোচনা করেন।
গতকাল রায় ঘোষণার আগে এ প্রসঙ্গে ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিম বলেন, ‘গতকাল আমরা যখন মামলাটি কার্যতালিকায় আদেশের জন্য দিই, তখনই বিভিন্ন টিভি চ্যানেলের ব্রেকিং নিউজে বলা হয়েছে যে আজ (সোমবার) রায় ঘোষণা করা হবে। আমরা মনে করি, আদালত যখন যে অবস্থায় থাকে, সেই অবস্থা নিয়েই রিপোর্ট হওয়া উচিত। তবে অনেকের হয়তো ইন্দ্রিয়শক্তি প্রখর, অনেকেই দীর্ঘদিন ধরে এখানে আসতে আসতে আদালতের প্রক্রিয়াগুলো বুঝতে পারেন, তাই তাঁরা অগ্রিম নিউজ দিয়ে দেন। কিন্তু এটা হওয়া উচিত নয়।’
ট্রাইব্যুনাল আরও বলেন, ‘আজ (সোমবার) সকালে এক পত্রিকায় দেখলাম, সেখানে লিখেছে, ঠিক সকাল ১১টায় রায় ঘোষণা করা হবে। ওই সাংবাদিক কীভাবে বুঝলেন, কখন আমরা রায় দেব? সকালে এক চ্যানেলে দেখছিলাম, এক জ্যেষ্ঠ সাংবাদিক বলছেন, দেশে একজন বিতর্কিত ব্যক্তি ফিরে এসেছেন, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা চলছে, এর মধ্যে ট্রাইব্যুনালের রায় দেওয়া হচ্ছে। আমরা মনে করি, আদালতের কার্যক্রম নিয়ে নিউজ করার ক্ষেত্রে সাংবাদিকদের আরও সচেতন থাকতে হবে।...আমরা যদি গতকাল আদেশে বলতাম ৩০ তারিখ রায় হবে, তাহলে কী হতো?’