
যুক্তরাজ্য ও বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক অব্যাহতভাবে বিকশিত হবে বলে দৃঢ় আশা প্রকাশ করেছেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। তিনি বলেছেন, ব্রেক্সিটের (ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়া) কারণে এ সম্পর্কে কোনো পরিবর্তন হবে না।
গণভবনে গতকাল বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে ÿএ কথা বলেন ক্যামেরন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কার্গো বিমান সম্পর্কিত নিষেধাজ্ঞা ইস্যু সমাধানের ওপর গুরুত্বারোপ করে বলেন, ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থাপনার জন্য একটি ব্রিটিশ কোম্পানিকে দায়িত্ব দেওয়া হয়েছে। এ ব্যাপারে ক্যামেরন আশ্বস্ত করেন, বাংলাদেশের ওপর থেকে কার্গো বিমানের নিষেধাজ্ঞা সমস্যা শিগগির সমাধান হবে। বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্পর্কের ক্ষেত্রে তিনি বলেন, ব্রিটিশ উদ্যোক্তারা বিনিয়োগ করতে বাংলাদেশে আসছেন।
শেখ হাসিনা বলেন, তাঁর সরকার আরও শিল্পায়ন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দেশব্যাপী ১০০ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছে এবং এসব অঞ্চলে বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করার কাজ চলছে। ব্যবসা-বাণিজ্য জোরদারে সরকার গভীর সমুদ্রবন্দর নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে। তিনি আরও বলেন, ‘যোগাযোগব্যবস্থার উন্নয়নে আমরা দেশব্যাপী রেল নেটওয়ার্ক সম্প্রসারণ করছি এবং দক্ষিণ অঞ্চলে রেললাইন নির্মাণে আমরা ব্রিটিশ কোম্পানিকে নিয়োগ দিয়েছি।’
বাংলাদেশি শ্রমিকদের ব্যবস্থাপনা দক্ষতা, পরিকল্পনা ও উদ্যোক্তা বিষয়ে প্রশিক্ষণের প্রস্তাব দেন ক্যামেরন। যুক্তরাজ্যের অর্থনীতিতে প্রবাসী বাংলাদেশিদের বিরাট অবদান রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের প্রশংসা করেন। বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার দ্বারপ্রান্তে বলে মন্তব্য করেন তিনি।
রোহিঙ্গা ইস্যু সম্পর্কে শেখ হাসিনা বলেন, বাংলাদেশে মিয়ানমারের ৪ লাখ নাগরিককে আশ্রয় দেওয়া অত্যন্ত¯কঠিন। মিয়ানমার যদি তাদের নাগরিকদের এখান থেকে ফিরিয়ে নেয়, সেটিই হবে সবচেয়ে উত্তম।
প্রধানমন্ত্রী বলেন, দেশের দ্রুত উন্নয়নে অর্থনৈতিক ও অন্যান্য বিষয়ে তাঁর দলের প্রণীত নীতিমালা বর্তমান সরকার বাস্তবায়ন করছে। কৃষি, খাদ্যনিরাপত্তা, নারীর ক্ষমতায়ন ও ডিজিটালাইজেশনে সরকারের সাফল্যের কথা জানান তিনি। সন্ত্রাসের বিরুদ্ধে তাঁর সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির কথাও জানান তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের জ্যেষ্ঠ সচিব সুরাইয়া বেগম ও ঢাকায় যুক্তরাজ্যের হাইকমিশনার অ্যালিসন ব্লেক।
পোর্ট এক্সপো উদ্বোধন
চট্টগ্রাম বন্দরের সুনাম বৃদ্ধিতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চট্টগ্রাম বন্দরের ১৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘পোর্ট এক্সপো বাংলাদেশ ২০১৭’-এর উদ্বোধনের পর দেওয়া প্রধান অতিথির ভাষণে গতকাল তিনি এ কথা বলেন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পোর্ট এক্সপোর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
ডিজিটাল দ্বীপ মহেশখালীর উদ্বোধন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডিজিটাল দ্বীপ মহেশখালী প্রকল্পের উদ্বোধন করেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, ডিজিটাল পদ্ধতির মাধ্যমে মূল ভূখণ্ড ও বিশ্বের সঙ্গে মহেশখালীর একটি সংযোগ স্থাপিত হলো।