ইউরোপীয় ইউনিয়ন থেকে আনুষ্ঠানিকভাবে বের হয়ে যাওয়ার পর বাংলাদেশকে শুল্ক ও কোটামুক্ত সুবিধা দেওয়ার বিষয়টি বিবেচনা করবে যুক্তরাজ্য। ব্রেক্সিট-পরবর্তী পরিস্থিতিতে যুক্তরাজ্যের বাজারে কী ধরনের অগ্রাধিকারমূলক বাজার সুবিধা পাওয়া উচিত, তা নিয়ে বাংলাদেশকে সুনির্দিষ্ট প্রস্তাব দিতে হবে।
গতকাল মঙ্গলবার ঢাকায় দুই দেশের প্রথম অংশীদারত্ব সংলাপে এই সিদ্ধান্ত হয়েছে।
ইউরোপের বাজারে ইবিএর আওতায় (অস্ত্র ছাড়া সবকিছু) শুল্ক ও কোটামুক্ত সুবিধা পায় বাংলাদেশ। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্য বের হয়ে গেলে এই সুবিধা বাংলাদেশ পাবে না। ফলে অগ্রাধিকারমূলক বাজার সুবিধা পেতে যুক্তরাজ্যের সঙ্গে নতুন বাণিজ্য ব্যবস্থায় যেতে হবে বাংলাদেশকে।
রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় অনুষ্ঠিত আলোচনায় পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক বাংলাদেশের এবং যুক্তরাজ্যের পররাষ্ট্র ও কমনওয়েলথ দপ্তরের স্থায়ী আন্ডার সেক্রেটারি সায়মন ম্যাকডোনাল্ড তাঁর দেশের নেতৃত্ব দেন।
সকালে অংশীদারত্ব সংলাপ শুরুর আগে সায়মন ম্যাকডোনাল্ড সাংবাদিকদের বলেন, ‘আমার এখানে আসাটা কাকতালীয় নয়। ইউরোপকে ছাড়িয়ে আমাদের ঐতিহাসিক সম্পর্ক নিয়ে আমরা অনেক বেশি সজাগ রয়েছি। আমরা জানি, বাংলাদেশ এখন যে সুবিধা পাচ্ছে, ভবিষ্যতেও পেতে আগ্রহী।’
>বাংলাদেশের নাগরিকদের অগ্রাধিকার ভিত্তিতে ৩ থেকে ৫ দিনে ভিসা। পণ্য পরিবহনে নিষেধাজ্ঞা প্রত্যাহারে সহযোগিতা
পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক বলেন, ‘অংশীদারত্ব সংলাপ নিয়মিতভাবে আমাদের দ্বিপক্ষীয়, আঞ্চলিক অভিন্ন স্বার্থের বৈশ্বিক বিষয়ে নিয়মিত আলোচনা এবং দুই দেশের ভবিষ্যতের সম্পর্ক কেমন হবে তার সুযোগ করে দেবে।’
বৈঠক শেষে পররাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকায় যুক্তরাজ্য হাইকমিশন প্রচারিত যৌথ বিবৃতি প্রচার করেছে। এতে বলা হয়েছে, ব্রেক্সিটের পরও বাইরের বিশ্বের সঙ্গে সহযোগিতা বাড়ানো এবং মুক্ত বাণিজ্যের ক্ষেত্রে যুক্তরাজ্য অগ্রণী ভূমিকা পালনে প্রত্যয় পুনর্ব্যক্ত করেছেন সায়মন ম্যাকডোনাল্ড। তিনি বাংলাদেশের মতো দীর্ঘদিনের বন্ধু দেশের সঙ্গে সম্পর্ক জোরদারে প্রত্যয়ের কথা জানান।
ভিসা নিয়ে দুই দেশের সম্পর্কের ওপর গুরুত্ব দিয়ে বাংলাদেশের নাগরিকদের জন্য দক্ষতার সঙ্গে মানসম্পন্ন ভিসা দেওয়ার বিষয়ে দুই পক্ষ রাজি হয়েছে। এ বছরের জুন থেকে বাংলাদেশের নাগরিকদের জন্য অগ্রাধিকার ভিত্তিতে তিন থেকে পাঁচ দিনের মধ্যে ভিসা ব্যবস্থা চালু করতে যুক্তরাজ্য রাজি হয়েছে। যুক্তরাজ্য জানিয়েছে, ভিসা দেওয়ার সিদ্ধান্ত যুক্তরাজ্যের কর্মকর্তারা নিয়ে থাকেন। এ প্রসঙ্গে যুক্তরাজ্য জানিয়েছে, বাংলাদেশের নাগরিকদের সেটেলমেন্ট ভিসা দেওয়ার প্রক্রিয়া এখন থেকে দিল্লির পরিবর্তে যুক্তরাজ্যে নেওয়া হয়েছে।
বাংলাদেশ থেকে উড়োজাহাজে করে যুক্তরাজ্য পণ্য পরিবহনে নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে বৈঠকে দুই পক্ষ আলোচনা করেছে। এ প্রসঙ্গে যৌথ বিবৃতিতে বলা হয়েছে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা বাড়াতে যুক্তরাজ্য তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। বিমানবন্দরের নিরাপত্তায় আরও উন্নতির জন্য কী করা উচিত তা যৌথভাবে মূল্যায়নের পর একটি কর্মপরিকল্পনা তৈরি করা হবে। নিরাপত্তার ক্ষেত্রে প্রয়োজনীয় উন্নতি শেষে ঢাকা উড়োজাহাজে করে যুক্তরাজ্যে সরাসরি পণ্য পরিবহনে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে।
বিবৃতিতে বলা হয়েছে, মিয়ানমারের রাখাইন রাজ্যের মুসলিম জনগোষ্ঠীর সমস্যার সমাধানে দুই দেশ একসঙ্গে কাজ করতে রাজি হয়েছে।