ব্র্যাক ও প্রিমিয়ার ব্যাংকের এমডিকে দুদকে জিজ্ঞাসাবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিসমিল্লাহ গ্রুপের ঋণ জালিয়াতির ঘটনায় ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ মাহবুবুর রহমানকে প্রায় দুই ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি দল। গতকাল সোমবার দুদকের প্রধান কার্যালয়ে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। একই সময়ে প্রিমিয়ার ব্যাংকের সহকারী ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) রিয়াজুল করিমকেও জিজ্ঞাসাবাদ করে দুদক।

দুদকের বিশেষ অনুসন্ধান ও তদন্ত সূত্র জানায়, বিসমিল্লাহ গ্রুপের ঋণ জালিয়াতির তালিকায় ব্র্যাক ব্যাংক না থাকলেও মাহবুবুর রহমান তালিকাভুক্ত প্রাইম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) থাকার সময় ওই দুর্নীতি সংঘটিত হওয়ায় তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। একই কারণে রিয়াজুল করিমকেও দুদকে তলব করা হয়েছে।

প্রাইম ব্যাংকের কিছু অসাধু কর্মকর্তার সহায়তায় দেশের পাঁচটি ব্যাংক (জনতা, যমুনা, প্রিমিয়ার, প্রাইম ও শাহ্জালাল) থেকে বিসমিল্লাহ গ্রুপ প্রায় এক হাজার ২০০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে। বর্তমানে ওই কর্মকর্তাদের অনেকেই বিভিন্ন ব্যাংকের গুরুত্বপূর্ণ পদে আছেন।

সূত্র জানায়, মূল জালিয়াতির প্রক্রিয়ায় বিসমিল্লাহ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) খাজা সোলেমান আনোয়ার চৌধুরীর সঙ্গে প্রতিটি ব্যাংকের কর্মকর্তাদের কিছু না-কিছু সম্পৃক্ততা রয়েছে। তবে ঘটনার সময় প্রাইম ব্যাংকে কর্মরত বেশ কয়েকজন কর্মকর্তা জালিয়াতিতে প্রধান ভূমিকা পালন করেছেন বলে আপাতত অনুসন্ধানে জানা গেছে।

এক হাজার ২০০ কোটি টাকা জালিয়াতির অভিযোগ থাকলেও ইতিমধ্যে সাউথইস্ট ব্যাংকের সঙ্গে লেনদেন চুকিয়ে ফেলেছে বিসমিল্লাহ গ্রুপ। এ ছাড়া শাহ্জালাল এবং যমুনা ব্যাংকেও কিছু অর্থ সমন্বয় হয়েছে বলে ব্যাংক সূত্রে জানা গেছে।

দুদকের উপপরিচালক সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে এই অনুসন্ধান দলে রয়েছেন সহকারী উপপরিচালক তৌফিকুল ইসলাম, গুলশান আনোয়ার প্রধান, উপসহকারী পরিচালক সরদার মঞ্জুর আহমেদ ও মো. আল আমিন।