ব্র্যাক বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের প্রতিষ্ঠান করার তাগিদ আবেদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে (বাঁ থেকে) অধ্যাপক সৈয়দ সাদ আন্দালিব, অধ্যাপক আনিসুজ্জামান ও স্যার ফজলে হাসান আবেদ l ছবি: প্রথম আলো
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে (বাঁ থেকে) অধ্যাপক সৈয়দ সাদ আন্দালিব, অধ্যাপক আনিসুজ্জামান ও স্যার ফজলে হাসান আবেদ l ছবি: প্রথম আলো

জ্ঞানচর্চা, গবেষণা ও নতুন জ্ঞানের অনুসন্ধানের মাধ্যমে ব্র্যাক বিশ্ববিদ্যালয় একদিন শিক্ষাক্ষেত্রে বিশ্বমানের প্রতিষ্ঠানে পরিণত হবে বলে আশা প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন স্যার ফজলে হাসান আবেদ। এ বিষয়ে উদ্যোগ নেওয়ার জন্য প্রতিষ্ঠানটির শিক্ষক-কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর ব্র্যাক সেন্টারে প্রতিষ্ঠানটির সেরা শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ফজলে হাসান আবেদ এসব কথা বলেন।
বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৈয়দ সাদ আন্দালিব।
ফজলে হাসান আবেদ বলেন, ব্র্যাক বিশ্ববিদ্যালয়কে শিক্ষা ও গবেষণাক্ষেত্রে সেরা প্রতিষ্ঠানে পরিণত করতে প্রতিষ্ঠালগ্ন থেকে চেষ্টা চলছে।
ফজলে হাসান আবেদ আরও বলেন, দেশের অন্য বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর উদ্যোক্তারা বিশ্ববিদ্যালয়ে এখন আর কোনো আর্থিক বিনিয়োগ করেন না। তাঁরা নিজেদের আয়েই ব্যয় নির্বাহের পাশাপাশি নিজস্ব ক্যাম্পাস নির্মাণ করছেন। অথচ প্রতিষ্ঠালগ্ন থেকে এখন পর্যন্ত ৪৩২ কোটি ৭৬ লাখ টাকা এ বিশ্ববিদ্যালয়ের জন্য বিনিয়োগ করেছে ব্র্যাক। এর মধ্যে ২৯২ কোটি ৫২ লাখ টাকা ব্যয় হয়েছে নিজস্ব ক্যাম্পাস নির্মাণে। এখনো প্রতিবছর ব্র্যাকের যুক্তরাষ্ট্র শাখার মাধ্যমে প্রায় ২ লাখ ডলার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের তহবিলে যোগ হয়।
অধ্যাপক আনিসুজ্জামান বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ন রাখতে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জানান। উপাচার্য সৈয়দ সাদ আন্দালিব দেশের সেরা শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে নিজেদের অবস্থান সুদৃঢ় করে পর্যায়ক্রমে দক্ষিণ এশিয়া, এশিয়া এবং বিশ্ব পর্যায়ে নিজেদের সেরা প্রতিষ্ঠান হিসেবে তুলে ধরতে উদ্যোগ নেওয়ার কথা বলেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের চারজন শিক্ষক ও কর্মকর্তাকে ২০১৪ সালের সেরা হিসেবে পুরস্কৃত করা হয়। তাঁরা হলেন সেরা শিক্ষক অপর্ণা ইসলাম, সেরা গবেষক মোসদ্দেকুর রহমান, সেরা কর্মী (নন-একাডেমিক) নুরুল ইসলাম বুলবুল, সেবায় সেরা সুপ্রিয় সাফকাত আহমেদ।