ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের অনশন
আইন বিভাগের এক শিক্ষককে চাকরিচ্যুতির নোটিশের জেরে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গতকাল বৃহস্পতিবারও প্রতিবাদ করেছেন। চলমান বিক্ষোভের পঞ্চম দিনে গতকাল তাঁরা সাড়ে আট ঘণ্টা অনশন করেন। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দুঃখ প্রকাশ ও কথা দেওয়ায় শিক্ষার্থীরা অনশন ভাঙেন।
এদিকে ১ আগস্ট আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর নিরাপত্তাকর্মীদের বলপ্রয়োগের অভিযোগ তদন্তে গঠিত ‘যৌন হয়রানি-বিষয়ক কমিটি’র কাছে আনুষ্ঠানিকভাবে লিখিত অভিযোগ দিতে বলেছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়।
গতকাল সন্ধ্যায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রশাসন প্রতিষ্ঠানটির অফিশিয়াল ফেসবুক পেজে বলেছে, এই কমিটি আগামী সপ্তাহের শুরুতেই কাজ শুরু করবে। যদি এমন কোনো হয়রানির ঘটনা ঘটে থাকে, তাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন দুঃখ প্রকাশ করছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের পদত্যাগ ও শিক্ষার্থী লাঞ্ছনার বিচারের দাবিতে গতকাল ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ছয়জন শিক্ষার্থী বেলা ১১টায় আমরণ অনশন শুরু করেন। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, ১ আগস্ট তাঁদের চলমান বিক্ষোভে ছাত্রছাত্রীদের লাঞ্ছিত করা হয়।
গতকাল সকাল ১০টা থেকে মহাখালীর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রধান ক্যাম্পাসের সামনে ও পাশের সড়কে আন্দোলনরত শিক্ষার্থীরা জড়ো হন। বেলা ১১টা থেকে অনশন শুরু করেন ছয় শিক্ষার্থী। বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী সামিয়া হক, ইকোনমিকস অ্যান্ড সোশ্যাল সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক সেউতি সবুর ও প্রভাষক শেহজাদ আরেফিন ক্যাম্পাসে এসে শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করেন। সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে শিক্ষার্থীরা অনশন ভাঙেন। শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁদের কাছে দুঃখ প্রকাশ করেছে বলে তাঁরা অনশন ভাঙেন। তবে মঙ্গলবারের মধ্যে কমিটি প্রতিবেদন না দিলে তাঁরা আবার অনশনে যাবেন।
শিক্ষার্থীদের অভিযোগ, চুক্তিতে থাকা আইন বিভাগের শিক্ষক ফারহান উদ্দিন আহমেদকে গত ৩০ জুলাই মানবসম্পদ বিভাগ থেকে চাকরিচ্যুতির নোটিশ দেওয়া হয়। কিন্তু তিনি তা নিতে অস্বীকৃতি জানালে প্রশাসনের একাধিক কর্মকর্তা তাঁর আইডি কার্ড নিয়ে নেন, তাঁকে লাঞ্ছিত করেন। এরপর শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন। তারা ফারহান উদ্দিনের চাকরি পুনর্বহালের দাবি জানায়।