ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইন বিভাগের এক শিক্ষককে চাকরিচ্যুতির নোটিশের জেরে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ শুক্রবারও প্রতিবাদ করেছেন। এ নিয়ে টানা ছয় দিন প্রতিবাদ জানাচ্ছেন তাঁরা। আজ সকাল থেকে শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করেছেন।

শিক্ষার্থীদের ভাষ্য, সকাল সাড়ে সাতটা থেকে মহাখালীর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রধান ক্যাম্পাসের সামনে ও পাশের সড়কে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ভবনগুলোর সামনে আন্দোলনরত শিক্ষার্থীরা জড়ো হন। আজ কম্পিউটার সায়েন্স বিভাগের পাঁচটি পরীক্ষা, ক্লাস ও উপস্থাপনা ছিল। তবে কোনো পরীক্ষা বা ক্লাস হয়নি।

দুই দিন বন্ধ থাকার পর আজ শুক্রবার ব্র্যাক বিশ্ববিদ্যালয় খুলেছে। তবে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সামনে জড়ো হলেও ক্লাস বা পরীক্ষা দিতে যাননি। আন্দোলনরত আইন বিভাগের এক শিক্ষার্থী বলেন, ‘আমরা কোনো শিক্ষার্থীকে পরীক্ষায় যেতে মানা করিনি বা বাধা দিইনি। শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবেই পরীক্ষা দেয়নি ও ক্লাসে যায়নি।’

রেজিস্ট্রারের পদত্যাগ ও শিক্ষার্থীদের লাঞ্ছিত করার অভিযোগে চলমান বিক্ষোভের পঞ্চম দিনে গতকাল বৃহস্পতিবার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ছয়জন শিক্ষার্থী আমরণ অনশন শুরু করেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দুঃখ প্রকাশ করায় ও আশ্বাস দেওয়ায় শিক্ষার্থীরা সাড়ে আট ঘণ্টা পর অনশন ভাঙেন।

১ আগস্ট আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর নিরাপত্তাকর্মীদের নিয়মের বাইরে বল প্রয়োগের অভিযোগের ব্যাপারে ‘যৌন হয়রানিবিষয়ক কমিটি’র কাছে আনুষ্ঠানিকভাবে লিখিত অভিযোগ দিতে বলে ব্র্যাক বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীরা আনুষ্ঠানিকভাবে গতকাল রাতেই ই-মেইলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে তাঁদের চারটি দাবি জানায়।

দাবিগুলো হলো রেজিস্ট্রার মোহাম্মদ শাহুল আফরোজ, সহকারী রেজিস্ট্রার মো. মাহি উদ্দিন ও সিনিয়র অফিসার জাবেদ রাসেলের পদত্যাগ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের ওপর নিরাপত্তাকর্মীদের লাঞ্ছনাকারীদের বিচার, চলমান সংকটে সবার সামনে উপাচার্যের ক্ষমা প্রার্থনা এবং শিক্ষার্থীদের দাবি মানার পর ফাইনাল পরীক্ষার শিডিউল পরিবর্তন করা।

শিক্ষার্থীদের অভিযোগ, চুক্তিতে থাকা আইন বিভাগের শিক্ষক ফারহান উদ্দিন আহমেদকে গত ৩০ জুলাই মানবসম্পদ বিভাগ থেকে চাকরিচ্যুতির নোটিশ দেওয়া হয়। কিন্তু তিনি তা নিতে অস্বীকৃতি জানালে রেজিস্ট্রার বিভাগের একাধিক কর্মকর্তা তাঁর আইডি কার্ড নিয়ে নেন, তাঁকে লাঞ্ছিত করেন। এরপর থেকেই মহাখালীতে বিশ্ববিদ্যালয়টির প্রধান ক্যাম্পাসে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। এই পরিস্থিতিতে গত বুধবার থেকে দুদিনের জন্য ক্লাস বন্ধ ঘোষণা করেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।