ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পিছিয়েছে
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পেছানো হয়েছে। গতকাল রোববার থেকে চূড়ান্ত পরীক্ষা শুরুর ঘোষণা দেওয়া হলেও এখন ৯ আগস্ট থেকে পরীক্ষা শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পরীক্ষার সংশোধিত সময়সূচি ঘোষণা করা হয়েছে।
এর আগে গত শনিবার শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. শাহুল আফজালকে দীর্ঘ মেয়াদে ছুটিতে পাঠানো হয়েছে। শিক্ষক ফারহান উদ্দিন আহমেদের অব্যাহতিপত্রও প্রত্যাহার করা হয়েছে। এ ছাড়া শিক্ষককে লাঞ্ছনার অভিযোগে অভিযুক্ত সহকারী রেজিস্ট্রার মো. মাহিউদ্দিন ও জ্যেষ্ঠ কর্মকর্তা জাভেদ রাসেল পদত্যাগ করেছেন।
আন্দোলনকারী শিক্ষার্থীরা অভিযোগ করে আসছেন, শিক্ষক ফারহান উদ্দিন আহমেদকে গত ৩০ জুলাই মানবসম্পদ বিভাগ থেকে চাকরিচ্যুতির নোটিশ দেওয়া হয়। কিন্তু তিনি তা নিতে অস্বীকৃতি জানালে রেজিস্ট্রার বিভাগের একাধিক কর্মকর্তা তাঁর আইডি কার্ড নিয়ে নেন এবং তাঁকে লাঞ্ছিত করেন। এরপর শিক্ষার্থীরা আন্দোলনে নামেন।
আন্দোলনকারী শিক্ষার্থীদের একজন বলেছেন, উদ্ভূত পরিস্থিতিতে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন আগামী মঙ্গলবার দেওয়ার কথা। প্রতিবেদনের ওপর ভিত্তি করে ওই দিন তাঁরা পরবর্তী অবস্থান জানাবেন। তবে যেহেতু অধিকাংশ দাবি মেনে নেওয়া হয়েছে, তাই আপাতত আর জমায়েতসহ রাস্তায় কোনো আন্দোলন করছেন না তাঁরা।