ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ সমাবর্তন
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ সমাবর্তন গত সোমবার রাতে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়। এ বছর মোট ৪৯৭ জন শিক্ষার্থীকে সনদ দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে ৩০৯ জন আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের এবং ১৮৮ জন পোস্ট গ্র্যাজুয়েট প্রোগ্রামের।অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, একবিংশ শতাব্দীতে শিক্ষা বেশ চ্যালেঞ্জিং বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিশ্বায়নের ক্রমবর্ধমান প্রভাব এই চ্যালেঞ্জকে আরও বেশি জোরদার করেছে। তিনি বলেন, ‘পরিবর্তনশীল বিশ্বায়নের যুগে আমাদের টিকে থাকতে প্রয়োজনীয় গুণাবলি অর্জন করতে হবে। একই সঙ্গে আমাদের জাতীয় মূল্যবোধ, সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যকে ধারণ করে সামনে এগিয়ে যেতে হবে।’আয়ারল্যান্ডের সাবেক রাষ্ট্রপতি ও সমাবর্তন বক্তা মেরি রবিনসন বলেন, ব্র্যাক বিশ্ববিদ্যালয় এখন পর্যন্ত তরুণ হলেও মানানসই জ্ঞান-গরিমায় দক্ষ ও যোগ্য মানবসম্পদ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সভাপতি ফজলে হাসান আবেদ বলেন, ব্র্যাক বিশ্ববিদ্যালয় ভবিষ্যতে তার বৈশিষ্ট্যপূর্ণ শিক্ষাকার্যক্রম চালিয়ে যাবে।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আইনুন নিশাত তাঁর বক্তব্যে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের বর্তমান উন্নয়নচিত্র তুলে ধরেন। স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য গোলাম সামদানী ফকির।সমাবর্তন অনুষ্ঠানে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ের শাম্মুর আবসার চৌধুরী ও পাবলিক হেলথের মোর্শেদা চৌধুরীকে অসাধারণ শিক্ষাগত যোগ্যতার কৃতিত্ব হিসেবে চ্যান্সেলর স্বর্ণপদক দেওয়া হয়। বিজ্ঞপ্তি।